মুঠোফোন হারাল সঙ্গে তিন প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসাবধানতাবশত উপেন্টু চাকমার (৩২) মুঠোফোন পড়ে যায় শৌচাগারে। মুঠোফোন তুলতে শৌচাগারের স্ল্যাব তুলে গর্তে ঢোকেন তিনি। এরপর তাঁর কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে তাঁকে উদ্ধার করতে একে একে গর্তে নামেন তাঁর দুই ভাই সেভেন্টু চাকমা (৩৫) ও প্রদীপ শশী চাকমা (৪২)। কিন্তু গর্তে নামার পর সাড়া মিলছিল না তাঁদেরও।
পরে গর্ত থেকে তিন সহোদরের লাশ উদ্ধার করা হয়। চিকিৎসক জানান, গ্যাসের বিষক্রিয়ায় মারা গেছেন ওই তিন ভাই। গত রোববার রাত ১১টার দিকে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মনাটেক গ্রামে এ ঘটনা ঘটে।
তিন সহোদরের সবার বড় প্রদীপ শশী চাকমা দৈনিক ভোরের কাগজ-এর মহালছড়ি উপজেলা প্রতিনিধি ছিলেন। তাঁর দুই ছেলে-মেয়ে। মেজো ভাই সেভেন্টু কৃষিকাজ করতেন। তিনি বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। ছোট ভাই উপেন্টু কৃষক। তাঁর দুই ছেলে-মেয়ে। মেয়ের বয়স মাত্র দুই মাস।
ওই তিনজনের জ্যাঠাতো ভাই ভবদত্ত চাকমা বলেন, গর্তে নামার পর যখন উপেন্টুর সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না, তখন তাঁর স্ত্রী অর্পিতা চাকমা বিষয়টি ভাশুরদের জানান। উপেন্টুকে তোলার জন্য প্রথমে সেভেন্টু গর্তে নামেন। পরে নামেন প্রদীপ শশী। গর্তে প্রবেশের পরপরই তাঁরা নিস্তেজ হয়ে যান।
প্রদীপ শশীর শ্যালক রিপন খীসা বলেন, চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে ছুটে যান। পরে তিনি গর্তে নেমে সুভেন্টুর লাশ তুলে আনেন। এরপর প্রদীপ শশীর শরীরে রশি বেঁধে গর্তের ওপরে ওঠার পর তিনি অজ্ঞান হয়ে যান। স্থানীয় সূত্র জানায়, পরে আশপাশের লোকজন গর্ত থেকে অন্য দুই ভাইয়ের লাশ তোলেন। গতকাল সোমবার বিকেলে তিন ভাইকে পারিবারিক শ্মশানে দাহ করা হয়।
মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিল ফরহাদ বলেন, তিন ভাই মূলত গ্যাসের বিষক্রিয়ায় মারা গেছেন। এ ধরনের শৌচাগারে সাধারণত মিথেন ও অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়।
মহালছড়ি থানার ওসি সেমায়ুন কবীর চৌধুরী জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।
শশী চাকমা ও তাঁর দুই ভাইয়ের মৃত্যুতে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম ও সাধারণ সম্পাদক কানন আচার্য গভীর শোক জানিয়েছেন।