সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার সাক্ষী নিরাপত্তা প্রহরী হুমায়ুন কবীরের মুঠোফোনটি কীভাবে পুলিশ কর্মকর্তার ব্যাগে গেল, সেটি তদন্ত করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের এই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওই কর্মকর্তা মুঠোফোনটি ভুলবশত তাঁর ল্যাপটপের ব্যাগে রেখেছেন।এই কর্মকর্তা হলেন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মোহাম্মদ সুলাইমান। এখন তিনি খাগড়াছড়িতে কর্মরত। তদন্তে বলা হয়, ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়ার পর সুলাইমানকে না জানিয়ে তাঁর ছোট ভাই মোসলেহ উদ্দিন মুঠোফোনটি ব্যবহার করেন।পুলিশের তদন্তে এ ঘটনায় কাউকে দোষী করা হয়নি, কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়নি। শুধু বলা হয়েছে, সুলাইমানকে আরও সতর্ক থাকা উচিত ছিল। প্রতিবেদনটি সম্প্রতি ডিএমপি কমিশনারের কাছে জমা দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর এ প্রতিবেদনের ভিত্তিতে বিভাগীয় মামলা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সি কিউ কে মুসতাক আহমদ এ বিষয়ে প্রথম আলোকে বলেন, পুলিশ সদর দপ্তর থেকে এ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই তাঁকে খাগড়াছড়ি বদলি করা হয়েছে।নিরাপত্তা প্রহরী হুমায়ুন কবীরের মুঠোফোন পুলিশ কর্মকর্তার ভাইয়ের কাছ থেকে উদ্ধারের বিষয়ে তদন্তকালে সুলাইমানসহ মোট সাতজন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়।ডিআইজির চিঠি: প্রতিবেদন পাওয়ার পর পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) মো. ইকবাল বাহার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে পাঠানো চিঠিতে জানান, নিরাপত্তা প্রহরীর ব্যবহূত মুঠোফোনের কল তালিকা বিশ্লেষণের জন্য ফোনটি সুলাইমানের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু তিনি কাজ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে তা নিজের কাছে রেখে দেন। একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলার তদন্তকালে সংগৃহীত মুঠোফোন সেটটি আলামত হিসেবে বিবেচ্য হওয়া সত্ত্বেও তিনি ইচ্ছাকৃতভাবে তা জব্দ করেননি বা জব্দ করার ব্যবস্থা নেননি। মোহাম্মদ সুলাইমান গতকাল প্রথম আলোকে বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের পর কাজের অনেক চাপ ছিল। একাই সব করতে হয়েছে। এ কারণে এত বড় ভুল হয়েছে।