মুঠোফোননিয়ন্ত্রিত বোমা হামলার মামলায় দুজনের স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পর্কের টানাপোড়েনে সহকর্মী নারী প্রোগ্রামারকে হত্যার পরিকল্পনা করেছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) বরখাস্ত হওয়া প্রোগ্রামার জুবায়ের আহমেদ। গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তিনি স্বীকারোক্তি দেন। জুবায়েরের সঙ্গে তাঁর বন্ধু নূরুল ইসলাম জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। জবানবন্দির পর দুজনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।মহানগর হাকিম ফারহানা ইসলামের খাসকামরায় দেওয়া জবানবন্দিতে জুবায়ের আহমেদ বলেন, ঘটনার তিন মাস আগে নারী সহকর্মীকে প্রেমের প্রস্তাব দিয়ে তিনি প্রত্যাখ্যাত হন। সম্পর্কের এই টানাপোড়েনের কারণে তিনি ওই নারীকে হত্যার পরিকল্পনা করেন। এরপর ২৫ হাজার টাকার বিনিময়ে মুঠোফোননিয়ন্ত্রিত উচ্চ প্রযুক্তির একটি বোমা সংগ্রহ করেন। বোমাটি কৌশলে ওই নারীর ব্যাগে ঢুকিয়ে দেন। এরপর তাঁর বন্ধু এনামুল বোমার সঙ্গে সংযোগ করা মোবাইলে ফোন দিয়ে বিস্ফোরণ ঘটান। অন্য আসামি নূরুল ইসলামও একই ঘটনা স্বীকার করেন। আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক (এসআই) হুমায়ূন কবীর প্রথম আলোকে বলেন, ১৭ জুলাই আগারগাঁও এলাকায় বিসিসির সহকারী প্রোগ্রামার পদে কর্মরত এক নারীর হাতব্যাগে বোমা বিস্ফোরিত হলে তিনি আহত হন। এ ঘটনায় জড়িত জুবায়ের, সারওয়ারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা হলেন: নূরুল ইসলাম, সোহরাব হোসেন ও খন্দকার এনামুল হক ওরফে মিতুল। আসামি জুবায়ের আহমেদ ও নূরুল ইসলামকে তিন দফায় ১১ দিনের রিমান্ডে নেওয়া হয়। গতকাল তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক প্রলয় কুমার সাহা দুজনকে আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের আবেদন জানান।