মুঠোফোননিয়ন্ত্রিত বোমাটি তৈরি করেন গাড়ির মিস্ত্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আগারগাঁওয়ে বিস্ফোরিত মুঠোফোননিয়ন্ত্রিত বোমাটি তৈরি করেছিলেন গাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতি সারাইয়ের মিস্ত্রি এস এম আবু হোসাইন সারওয়ার। বোমাটি তৈরির জন্য তিনি নিয়েছিলেন ২৫ হাজার টাকা।ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে। সংবাদ সম্মেলনে সারওয়ারসহ এ ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঁচজনকে সাংবাদিকদের সামনে আনা হয়। অন্য চারজন হলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) বরখাস্ত হওয়া প্রোগ্রামার জুবায়ের আহমেদ, নূরুল ইসলাম, সোহরাব হোসেন ও খন্দকার এনামুল হক।জুবায়ের ১৭ জুলাই তাঁর এক নারী সহকর্মীকে ওই বোমার প্যাকেটটি অফিসে তাঁর টেবিলে রাখার জন্য দিয়েছিলেন। বিসিসির সহকারী প্রোগ্রামার ওই নারী বোমাটি হাতব্যাগে রেখে হেঁটে কর্মস্থলের উদ্দেশে যাওয়ার কিছুক্ষণ পর তা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে আহত ওই নারী প্রায় সেরে উঠেছেন। জুবায়েরকে পুলিশ ঘটনার দিনই গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তিনি বলেন, সম্পর্কের টানাপোড়েনের কারণে ওই নারী সহকর্মীকে ‘শিক্ষা দিতে’ তিনি বোমাটি তাঁকে হাতব্যাগে বহন করতে দিয়েছিলেন।পুলিশের দাবি, এ রকম বোমা দেশে আগে কখনো দেখা যায়নি।গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি পুলিশের অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান বলেন, মুঠোফোননিয়ন্ত্রিত এই উচ্চপ্রযুক্তির বোমাটির মূল কারিগর সারওয়ার ২৫ হাজার টাকার বিনিময়ে বোমাটি এনামুলকে দেন। এনামুল দেন জুবায়েরকে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে মুঠোফোননিয়ন্ত্রিত আরও তিনটি বোমা ও কিছু টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সঙ্গে কোনো জঙ্গি বা অপরাধী গোষ্ঠীর সম্পৃক্ততা মেলেনি।সংবাদ সম্মেলনে গ্রেপ্তার হওয়া সারওয়ার বলেন, তিনি অনেকটা শখের বশে বোমাটি তৈরি করেন। মুঠোফোনের সঙ্গে বোমার বৈদ্যুতিক সংযোগ ছিল। মুঠোফোনে ভাইব্রেশন হলেই এটি বিস্ফোরিত হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বলেন, সম্পর্কের টানাপোড়েনের কারণে জুবায়ের তাঁর ওই সহকর্মীকে ‘শিক্ষা দেওয়ার’ কথা ভাবছিলেন। বিষয়টি তিনি বন্ধু নূরুল ও মিরপুরের ব্যবসায়ী সোহরাবকে বলেন। সোহরাব বিষয়টি তাঁর বন্ধু তেজগাঁও কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র এনামুলকে জানান। এনামুল বিষয়টি তাঁর পরিচিত সারওয়ারকে জানালে তিনি ২৫ হাজার টাকায় বোমাটি তৈরি করে দেন। ঘটনার দিন সকালে জুবায়ের বোমাটি কৌশলে ওই নারীর ব্যাগে দিলে এনামুল বোমার সঙ্গে সংযোগকৃত মুঠোফোনে ফোন দিয়ে বিস্ফোরণ ঘটান।