মুঠোফোনে অপহূত জেলেদের কান্না শুনিয়ে মুক্তিপণ আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় র্যা বের সঙ্গে বন্দুকযুদ্ধে গত ছয় মাসে সাত জলদস্যু নিহত হওয়ার পর সাগরে ট্রলার ডাকাতির ঘটনা কমে গেছে। তবে জলদস্যু বাহিনীগুলোর অপহরণ বাণিজ্য থেমে নেই। জলদস্যুরা অপহরণ করে নিয়ে যাওয়া জেলেদের কাছে এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত আদায় করছে। মুঠোফোনে অপহূত জেলেদের কান্না ও আহাজারির শব্দ শুনিয়ে তাদের স্বজনদের কাছ থেকে মুক্তিপণের টাকা আদায় করা হয়। এদিকে কয়েক সপ্তাহ আগে সুন্দরবন-সংলগ্ন একটি এলাকা থেকে অপহরণ হওয়া ৪৬ জন জেলের মধ্যে ১২ জন ২৫ অক্টোবর ১৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে এলাকায় ফিরে এসেছেন। পাথরঘাটা ট্রলার মালিক সমিতির নেতারা জানান, ১৮ অক্টোবর রাতে মাছ ধরার সময় সুন্দরবনের সূপতি রেঞ্জের কাছাকাছি চালনাবয়া এলাকা থেকে জলদস্যুরা ৪৬ জন জেলেকে অপহরণ করে। এ সময় দস্যুরা আটটি ট্রলারে ব্যাপক লুটপাট চালায় এবং এফবি আল্লার দান, এফবি আল হেলাল ও এফবি বেলাল নামে তিনটি ট্রলারের ৪৬ জন জেলেকে অপহরণ করে। এদের মধ্যে ১২ জন জেলে ২৬ অক্টোবর ১৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরে এলেও বাকি ৩৪ জেলে এখনো জলদস্যুদের হাতে জিম্মি রয়েছেন। তাঁদের বাড়ি বরগুনা সদর ও পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে। মুক্তিপণ দিয়ে ফিরে আসা জেলেদের মধ্যে পাথরঘাটার দেলোয়ার, জলিল ও আসলাম জানান, তাঁদের রাজু বাহিনীর সদস্যরা অপহরণ করে সুন্দরবনের গহিনে আস্তানায় নিয়ে যায় এবং গাছের সঙ্গে বেঁধে রাখে। দুপুরে ও রাতে তাঁদের সামান্য ভাত ও মরিচ খাওয়ানো হতো। টাকা আদায়ের জন্য প্রায় তাঁদের মারধর করে মুঠোফোনে কান্না ও আহাজারি স্বজনদের শোনানো হতো। জিম্মি কয়েকজন জেলের স্বজন নাম প্রকাশ না করার শর্তে জানান, বর্তমানে জনপ্রতি এক লাখ করে টাকা চাচ্ছে দস্যুরা। এ ছাড়া বিষয়টি র্যা ব ও কোস্টগার্ডকে জানালে পরিণতি ভালো হবে না বলে শাসাচ্ছে। জলদস্যু বাহিনীর আস্তানায় আটকে থাকা জেলেদের পরিবারের সদস্যরা কয়েক দিন ধরে পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রের ঘাটে ও ট্রলার মালিক সমিতির নেতাদের কাছে ধরনা দিচ্ছেন এবং অপহূতদের মুক্ত করে আনার জন্য নেতাদের কাছে আকুতি জানাচ্ছেন। বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আ. মান্নান মাঝি বলেন, এসব জেলের পরিবার গরিব হওয়ায় মুক্তিপণের অর্থ জোগাড় করতে পারছে না। ফলে তাঁদের ছাড়িয়ে আনাও সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২২ অক্টোবর রাতে পাথরঘাটা উপজেলার চরদুয়ানীর জ্ঞানপাড়া এলাকায় র্যা বের সঙ্গে বন্দুকযুদ্ধে মানিক আকন ওরফে মানিক ডাক্তার ও জাহাঙ্গীর, ১০ জুলাই বলেশ্বর নদীর তীরে র্যা ব ও কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে আরব আলী, কুদ্দুস মিয়া ও রাঙ্গা ইদ্রীস, ৮ জুন বাতিকাটা এলাকায় পুলিশ ও কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে পাথরঘাটার নিজলাঠিমার গ্রামের আফজাল হোসেন ও পদ্মা গ্রামের ফারুক হোসেন নিহত হন। র্যা ব, কোস্টগার্ড ও পুলিশের দাবি, এরা সবাই জলদস্যু। র্যা ব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর কাজী শমসের উদ্দীন জানান, জলদস্যুদের বিরুদ্ধে তাঁদের অভিযান এখনো অব্যাহত আছে। কোস্টগার্ডের পাথরঘাটা ঘাঁটির কমান্ডার লে. হাসানুজ্জামান জানান, অপহূত জেলেদের উদ্ধারের জন্য কোস্টগার্ড অভিযান চালাচ্ছে।