মুঠোফোনে অশ্লীল ভিডিওচিত্র ছড়িয়ে শিক্ষিকাকে একঘরে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে এক শিক্ষিকার মুখমণ্ডলের সঙ্গে নগ্ন শরীরের ছবি সংযুক্ত করে তৈরি ভিডিওচিত্র মুঠোফোনে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া ঘোষণা দিয়ে তাঁকে সামাজিকভাবে একঘরে করা হয়েছে। এ ঘটনায় তিনি সাবেক স্বামীসহ চারজনের বিরুদ্ধে মামলা দিলেও পুলিশ উল্টো তাঁর বাড়িতে পরিচালিত নাচের বিদ্যালয়টি বন্ধ করে দিয়েছে।ওই শিক্ষিকা গতকাল সোমবার রাজশাহী প্রেসক্লাবে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেছেন। তিনি জানান, ১৯৯৯ সালে তিনি প্রথম বিয়ে করেন। প্রথম ঘরে একটি কন্যাসন্তান রয়েছে। তবে বনিবনা না হওয়ার একপর্যায়ে তাঁদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। ২০০৫ সালের ২৪ এপ্রিল তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে পবার নওহাটা বাজার এলাকার দেলোয়ার হোসেনকে বিয়ে করেন। লিখিত বক্তব্যে ওই শিক্ষিকা জানান, নওহাটা পৌর এলাকার যে বাড়িতে তিনি বসবাস করেন সেটা তাঁর নিজের নামে। দ্বিতীয় স্বামী দেলোয়ার হোসেন বিয়ের পর থেকেই বাড়িটি নিজের নামে লিখে নেওয়ার জন্য তাঁকে চাপ দিতে থাকেন। রাজি না হওয়ায় পরে দেলোয়ার তাঁকে তালাক দেন। ২০০৭ সালের ২৭ জুন স্থানীয় লোকজনের মধ্যস্থতায় তাঁদের আবার বিয়ে হয়। সে সময় দেলোয়ার পুরোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না বলে আশ্বাস দেন। তবে বিয়ের পর তিনি একই দাবিতে স্ত্রীকে আবার নির্যাতন শুরু করেন। ২০১০ সালের ২৪ সেপ্টেম্বর তিনি দেলোয়ারকে তালাক দেন। ওই শিক্ষিকা অভিযোগ করেন, তালাক দেওয়ার কিছুদিন পর দেলোয়ার তাঁকে হুমকি দেন, তাঁর (দেলোয়ারের) কাছে থাকা তাঁর (শিক্ষিকার) অশ্লীল ভিডিওচিত্র তিনি ইন্টারনেটে ছেড়ে দেবেন। পরে গত ১১ ফেব্রুয়ারি ক্ষমতাসীন দলের স্থানীয় প্রভাবশালী যুবক সুমন ও রিয়াজ তাঁর বাড়িতে যান। এ সময় তাঁঁরা মুঠোফোনে তাঁর (শিক্ষিকার) অশ্লীল ভিডিওচিত্র দেখিয়ে দুই লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে সেটা ইন্টারনেটে ছেড়ে দেওয়ারও হুমকি দেন তাঁরা। ওই শিক্ষিকা জানান, এ ঘটনার পরের দিন তিনি স্বামী দেলোয়ার, যুবক সুমন, আনোয়ারুল ও রিয়াজকে আসামি করে পবা থানায় একটি মামলা করেন। ওই রাতেই পুলিশ দেলোয়ারকে গ্রেপ্তার করে। পরে ১২ মার্চ রাতে স্থানীয় কেবল অপারেটরের মাধ্যমে একটি অশ্লীল ভিডিওচিত্র ডিশ সংযোগে প্রচার করা হয়। ওই শিক্ষিকা বলেন, তার ধারণা, তার মুখমণ্ডলের অংশটুকু অন্য একটি মেয়ের ছবির সঙ্গে যুক্ত করে অশ্লীল ভিডিওচিত্রটি তৈরি করা হয়েছে।