মুঠোফোনে আপত্তিকর ভিডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে স্কুল-কলেজপড়ুয়া কিছু শিক্ষার্থী মুঠোফোনে আপত্তিকর ছবি ও ভিডিও সংরক্ষণ করছে। শিক্ষার্থীদের এসব সরবরাহ করছেন একশ্রেণীর অসাধু ব্যবসায়ী। আপত্তিকর ভিডিও কেনাবেচা ও সংরক্ষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত গত দুই বছরে জেলায় ৩৮টি অভিযান চালান। অভিযানে একাধিক প্রতিষ্ঠান ও দোকানমালিককে জরিমানা করা হয়।খোঁজ নিয়ে জানা গেছে, কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার হয় এমন দোকান, মুঠোফোন সারাইয়ের দোকান, সাইবার ক্যাফে ও ছবি তোলার দোকান (স্টুডিও) আপত্তিকর এসব ছবি ও ভিডিওর মূল উৎস। বাগেরহাট শহরের ২২টি পয়েন্টে এমন ৫৪টি দোকান আছে। এর মধ্যে ১০টি দোকান ভ্রাম্যমাণ আদালতের কাছে জরিমানা গুনেছে।নাম প্রকাশ না করার শর্তে শহরের রাহাতের মোড় এলাকার কয়েকজন ব্যবসায়ী জানান, এসব ভিডিও ক্লিপস বা পর্ন ছবি ইন্টারনেট থেকে নামানো (ডাউনলোড) সময় ও ব্যয়সাপেক্ষ। তাই তাঁরা খুলনা ও ঢাকা থেকে সিডি কিনে এনে সেগুলো থেকে নিজেরাই সংক্ষিপ্ত আকারের (এক ও দুই গিগাবাইট) ভিডিও ক্লিপস তৈরি করেন। অনেক ব্যবসায়ী একে অন্যের সংগ্রহ আদান-প্রদান করেন। মুঠোফোনের মেমোরি কার্ডে এক গিগাবাইট ভিডিও ক্লিপস সরবরাহের বিনিময়ে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত নেন তাঁরা। এতে দিনে চার থেকে পাঁচ শ টাকা বাড়তি আয় হয়।জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাছান জানান, ২০১০ সালের মার্চ মাস থেকে চলতি মে মাস পর্যন্ত দুই বছরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলায় পর্নগ্র্যাফি-বিরোধী ৩৮টি অভিযান চালানো হয়। এসব অভিযানে তিন লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায়সহ ১৭টি হার্ডডিস্ক ও সিপিইউ জব্দ করা হয়। এ সময় বাগেরহাট শহরের পৌরসভা সড়কের এক ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, প্রচলিত আইনে ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধির ২৯২ ধারা প্রয়োগ করতে পারেন। এ আইনে সর্বোচ্চ শাস্তির বিধান তিন মাসের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা। তবে ‘পর্নগ্র্যাফি নিয়ন্ত্রণ আইন ২০১২’ পাস হওয়ায় আইনের সীমাবদ্ধতা দূর হয়েছে।বাগেরহাট সরকারি পি সি কলেজের অধ্যক্ষ সুকণ্ঠ কুমার মণ্ডল জানান, তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থীর মধ্যে মুঠোফোনে আপত্তিকর ছবি ধারণ, সংরক্ষণ ও বিতরণের প্রবণতা দেখা গেছে। তিনি আরও জানান, কয়েক মাস আগে একটি বিশেষ পরিস্থিতিতে তিনি কলেজের এক ছাত্রের মুঠোফোন জব্দ করে তাতে বেশ কিছু আপত্তিকর ভিডিও পান। অধ্যক্ষ বলেন, এ ধরনের ঘটনা শিক্ষার্থীদের মানসিকতায় বিরূপ পরিবর্তন আনছে; পাশাপাশি ক্যাম্পাসে ছাত্রী উত্ত্যক্তের ঘটনা বাড়ছে।বাগেরহাট কালেক্টরেটের কয়েকজন জ্যেষ্ঠ ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে তাঁরা স্কুল ও কলেজপড়ুয়া কিছু শিক্ষার্থীর মুঠোফোনে আপত্তিকর ছবি ও ভিডিও পেয়ে তা মুছে (ডিলিট) দিয়েছেন।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কলেজছাত্র জানায়, নিষিদ্ধ এসব ছবির প্রতি একধরনের আগ্রহের কারণেই তারা এগুলো টাকা দিয়ে জোগাড় করে; আবার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে সেগুলো আদান-প্রদানও করে।জরিমানা গুনেছে এমন প্রতিষ্ঠানগুলো বাগেরহাট শহর, সদর উপজেলা, ফকিরহাট বাজার, রামপাল, মোরেলগঞ্জ, কচুয়া, চিতলমারী বাজারে অবস্থিত। এসব প্রতিষ্ঠানকে বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত এক থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড করেছেন।বাগেরহাটের প্রবীণ শিক্ষাবিদ মোজাফফর হোসেন প্রথম আলোকে বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে পর্নগ্র্যাফি প্রতিরোধে শুধু আইনই যথেষ্ট নয়, অভিভাবকদের নজরদারির পাশাপাশি যুবসমাজের মানসিকতা ও মূল্যবোধে পরিবর্তন আনা দরকার।বাগেরহাট শহরের দুই অভিভাবক আজাদুল হক ও নীহার রঞ্জন সাহা বলেন, বৈধ ব্যবসাপ্রতিষ্ঠানের আড়ালে চলা অবৈধ এ ব্যবসার কারণে যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অসাধু এসব ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে তাঁরা প্রশাসনের প্রতি আহ্বান জানান।