ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মুঠোফোনে উত্তর ‘জালিয়াতি’র অভিযোগে ১৪ পরীক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এর আগেও ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার দিনও একইভাবে জালিয়াতি করতে গিয়ে কয়েকজন পরীক্ষার্থী আটক হয়েছিলেন।
আজ শুক্রবার সকাল ১০টায় রাজধানীর কয়েকটি পরীক্ষাকেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস জানায়, মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে পরীক্ষার্থীদের কাছে প্রশ্নের উত্তর পাঠানোর অভিযোগে বিভিন্ন পরীক্ষাকেন্দ্র থেকে ১৪ জনকে আটক করা হয়। তাঁরা হলেন মো. বাসেতুল হাসান, বুয়েট ইঞ্জিনিয়ারিং কলেজ কেন্দ্র; রাশেক ভৌমিক, শেখ বোরহানউদ্দিন কলেজ কেন্দ্র; জুয়েল রানা, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র; রেজাউর রহমান রাব্বী, সিটি কলেজ কেন্দ্র; সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগ ভবন কেন্দ্র; মো. মেহেদী হাসান, গার্হস্থ্য অর্থনীতি কলেজ কেন্দ্র; ফাহমিদা জামান জুই, অপু চন্দ্র শীল, গোলাম শাহরিয়ার ও আতিকুর রহমান, ট্রিচার্স টেনিং কলেজ কেন্দ্র; অমৃতা সরকার, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র; এস এম রাব্বী পাঠান, সিদ্ধেশ্বরী গার্লস স্কুল কেন্দ্র, মোজাম্মেল হক মোল্লা, মোহাম্মদপুর গার্লস স্কুল কেন্দ্র। এ ছাড়াও সাদিয়া সুলতানা নামের আটক এক পরীক্ষার্থীর কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস জানাতে পারেনি। পরে তাঁদের রাজধানীর তিনটি থানায় সোপর্দ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী সাংবাদিকদের বলেন, ‘আটককৃতদের মধ্যে তিনজন মুঠোফোনে উত্তর জালিয়াতির সঙ্গে জড়িত থাকতে পারে বলে আমাদের কাছে তথ্য ছিল। এই তিনজনকে আটকের পর বাকিদের আটক করা হয়েছে।’
ভারপ্রাপ্ত প্রক্টর আরও জানান, এস এম রাব্বী পাঠানকে রমনা, মোজাম্মেল হক মোল্লাকে মোহাম্মদপুর এবং বাকিদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।