মুঠোফোনে উত্তর জালিয়াতির অভিযোগে আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মুঠোফোনে উত্তর জালিয়াতির অভিযোগে দুজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাঁরা হলেন শাহিন মাহমুদ ও আতহার শিহাব। আতহারের মুঠোফোনে ১০০টি প্রশ্নের উত্তর পাওয়া গেছে।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর কয়েকটি স্কুল ও কলেজে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী প্রথম আলো ডটকমকে বলেন, পূর্ব তথ্যের ভিত্তিতে শাহিন মাহমুদকে আনোয়ারা গার্লস হাইস্কুলে পরীক্ষা দেওয়ার সময় মুঠোফোনে উত্তর জালিয়াতির অভিযোগে বংশাল থানায় সোপর্দ করা হয়েছে।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক হুমায়ুন কবির উইলস লিটিল ফ্লাওয়ার স্কুলের একটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করছিলেন। এ সময় তিনি আতহার শিহাবের কাছ থেকে একটি মুঠোফোন পান। হুমায়ুন কবির প্রথম আলো ডটকমকে বলেন, ‘পরীক্ষা শুরুর পরপরই আতহার শিহাব তার সেট কোডটি একটি নম্বরে খুদেবার্তা (এসএমএস) করে পাঠায়। এরপর ওই নম্বর থেকে ১০টা ১৯ মিনিটে বাংলার অধিকাংশ প্রশ্নের উত্তর শিহাবের মুঠোফোনে পাঠানো হয়। দ্বিতীয় খুদেবার্তাটি আসে ১০টা ২৭ মিনিটে। তৃতীয় খুদেবার্তাটি আসে ১০টা ৩৪ মিনিটে। এরপর শিহাবের নম্বরে আরও দুটিসহ মোট পাঁচটি খুদেবার্তায় ১০০টি প্রশ্নের ১০০টি উত্তর পাঠানো হয়। এরপর তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।’
আজ প্রথম আলোয় ‘ডিজিটাল জালিয়াতির ঝুঁকি রয়েছে’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, স্নাতক সম্মানে ভর্তি পরীক্ষায় ‘ডিজিটাল জালিয়াতি’ ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই এবারের ভর্তি পরীক্ষায়ও মুঠোফোনে উত্তর সরবরাহ করতে জালিয়াত চক্রগুলো সক্রিয় রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে এরই মধ্যে বিভিন্ন ইউনিটে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সঙ্গে বেশ কয়েকটি চক্র চুক্তি করেছে বলে জানা গেছে।