মুঠোফোনে উত্তর নিচ্ছিলেন তিন পরীক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মুঠোফোনের মাধ্যমে উত্তর সংগ্রহ করার অভিযোগে ভর্তি-ইচ্ছুক তিন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের বিজোড় ক্রমিক নম্বরধারীদের এবং সোয়া ১০টা থেকে জোড় ক্রমিক নম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই সময় বিজোড় ক্রমিক নম্বরধারী দুজনকে এবং জোড় ক্রমিক নম্বরধারী একজনকে আটক করা হয়।

আটক হওয়া পরীক্ষার্থীরা হলেন বগুড়া সরকারি আযিযুল হক কলেজের মনোবিজ্ঞান প্রথম বর্ষের শিক্ষর্থী তরিকুল ইসলাম, আসাদুর রহমান ও ইফতিয়াজ আহমেদ। প্রথম দুজনের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান জানান, ই-ইউনিটের পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনের ১২০ নম্বর কক্ষ থেকে তরিকুল নামের ওই পরীক্ষার্থীকে মুঠোফোনসহ আটক করে প্রক্টর অফিসে হস্তান্তর করা হয়। একই সময় বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজের ২১০ নম্বর কক্ষ থেকে আসাদুর রহমানকে আটক করা হয়। তৃতীয় বিজ্ঞান ভবন থেকে ইফতিয়াজ আহমেদকে আটক করা হয়।

প্রক্টর বলেন, ‘ওই সব পরীক্ষার্থীর কাছে মুঠোফোন ছিল। হাতের সঙ্গে মুঠোফোন বাধা ছিল। কানে ছিল ইয়ারফোন। মুঠোফোনের মাধ্যমে বাইরের একটি দলের সঙ্গে যোগাযোগ করে তাঁরা উত্তরপত্র পূরণ করছিলেন। শীতের পোশাকের ভেতর মুঠোফোন নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করেছিলেন তারা।’ আটক তিনজন একটি বড় জার্িলয়াত চক্রের সদস্য বলে প্রক্টর দাবি করেছেন। ওই চক্রের অন্যদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে নেমেছেন।

আসাদুর রহমান সাংবাদিকদের বলেন, বগুড়া আযিযুল হক কলেজের আরিফ নামের এক বড় ভাই তাঁকে এ পরামর্শ দেন। পরীক্ষা চলাকালে তাঁদের একজন প্রশ্নসহ বাইরে বের হয়ে আসেন। এরপর ওই প্রশ্ন দেখে ওই বড় ভাই মুঠোফোনে তাঁর কাছে উত্তর পাঠাচ্ছিলেন। আসাদুর কেবল ক্রমিক নম্বর অনুযায়ী উত্তর দিয়ে যাচ্ছিলেন।

প্রক্টর তারিকুল হাসান প্রথম আলো ডটকমকে বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের এখনো (১২টা পর্যন্ত) প্রক্টর অফিসে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের পুলিশে সোপর্দ করা হবে।’