মুঠোফোনে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে এক নারী চিকিৎসককে উত্ত্যক্ত করায় শামীম রেজা (২০) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে কুষ্টিয়া জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম এ রায় দেন। কুষ্টিয়া র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) কার্যালয় সূত্রে জানা যায়, শামীম রেজা কয়েক দিন ধরে কুষ্টিয়া শহরের বেসরকারি একটি হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ এক নারী চিকিৎসককে মুঠোফোনে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়ে আসছিলেন। ওই চিকিৎসক এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি ও কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পে অভিযোগ করেন। মুঠোফোনে কলের তালিকা ধরে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে শামীমকে ওই হাসপাতালের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জিজ্ঞাসাবাদকালে ম্যাজিস্ট্রেটের সামনে ওই যুবক দোষ স্বীকার করায় তাঁকে ৫০৯ ধারায় সাজা দেওয়া হয়।ওই নারী চিকিৎসক জানান, ওই যুবক হাসপাতালের তৃতীয় শ্রেণীর কর্মচারী ছিলেন। একসময় তিনি চাকরি ছেড়ে দেন। এক সপ্তাহ ধরে অজ্ঞাতনামা মুঠোফোন থেকে তাঁর কাছে ফোন করে এক যুবক টাকাপয়সা দাবিসহ নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ক্যাপ্টেন মো. মাসুদুর রহমান বলেন, শামীম কুষ্টিয়া সদর উপজেলার ভাড়াদিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। গতকাল বিকেলে তাঁকে কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়েছে।