মুঠোফোনে উত্ত্যক্ত কারাদণ্ড-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন মুঠোফোনে উত্ত্যক্ত করার পর প্রকাশ্যে প্রেম নিবেদন ও অশালীন আচরণ করায় পটুয়াখালীতে মাসুদ আলম (৩০) নামের একজনের জেল ও জরিমানা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার এই আদেশ দিয়ে অভিযুক্ত ব্যক্তিকে কারাগারে পাঠিয়ে দিয়েছেন। মাসুদ আলমের বাড়ি জেলার দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের পারকার্তিকপাশা গ্রামে। তাঁর বাবার নাম ইয়াকুব আলী প্যাদা। সংশ্লিষ্ট সূত্র জানায়, শহরের সিঅ্যান্ডবি সড়কের এক সন্তানের জননী এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে মুঠোফোনে উত্ত্যক্ত করাসহ নানা অশ্লীল উক্তি করতেন দুমকির মাসুদ আলম। এমনকি ভয়ভীতিও দেখাতেন, যা তিনি মুঠোফোনে রেকর্ড করে রাখেন। এ বিষয়ে ওই গৃহবধূ গত ২৬ অক্টোবর পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল সোমবার ওই গৃহবধূ সকাল সাড়ে ১০টার দিকে ঈদুল আজহার কেনাকাটা করতে বের হয়ে শহরের সদর রোডের রুচিতা হোটেলের সামনে পৌঁছালে ইভটিজার মাসুদ আলম তাঁর পথরোধ করে আবারও প্রেম নিবেদন করেন। এ সময় গৃহবধূর স্বামী উপস্থিত হয়ে তাঁর স্ত্রীকে অশালীন কথাবার্তা বলার প্রতিবাদ করলে মাসুদ তাঁকেও গালাগাল ও হুমকি দেন। একই সময় ভেজালবিরোধী ও ইভ টিজিং প্রতিরোধে ভ্রম্যামাণ আদালত শহরে বের হন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে সদর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ও র্যা ব-৮ পটুয়াখালী ক্যাম্পের উপপরিদর্শক মবিনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আশপাশে উপস্থিত হন। ওই গৃহবধূ বিষয়টি তৎক্ষণাৎ ভ্রাম্যমাণ আদালতকে জানান।নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ইভটিজার মাসুদ আলম অপরাধ স্বীকার করায় দণ্ডবিধি ৫০৯ ধারায় তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।