মুঠোফোনে কথা বলতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রীর
মুঠোফোনে কথা বলতে গিয়ে অসাবধানতার কারণে প্রাণ হারালেন এক কলেজছাত্রী। গতকাল শনিবার জয়পুরহাট রেলস্টেশনের দক্ষিণ পাশে ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান। ওই ছাত্রীর নাম আমেনা খাতুন (২০)। তিনি নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের জালালপুর গ্রামের আহমেদুল ইসলামের মেয়ে। জয়পুরহাট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্রী ছিলেন আমেনা। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল জানান, সকাল ১০টার দিকে পার্বতীপুর থেকে খুলনাগামী রূপসা আন্তনগর ট্রেনটি জয়পুরহাট রেলস্টেশনের ১ নম্বর লাইনে দাঁড়িয়ে ছিল। এ সময় রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর ট্রেনটি ২ নম্বর লাইনে আসছিল। একপর্যায়ে কলেজছাত্রী আমেনা মুঠোফানে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত তিতুমীর ট্রেনে কাটা পড়েন। এতে তাঁর এক পা কেটে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক সায়মুন রেজা জানান, আমেনা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের সম্মান শ্রেণীর ছাত্রী ছিলেন।