মুঠোফোনে কথা বলতে বলতে ট্রেনের নিচে
রাজধানীর উত্তরা এলাকায় গতকাল শনিবার সকালে ট্রেনে কাটা পড়ে আমিনুল ইসলাম (৫০) নামে গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা মারা গেছেন। আমিনুল ভোলা জেলার গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে কর্মরত ছিলেন।গতকাল সকাল সোয়া ১০টার দিকে আমিনুল মুঠোফোনে কথা বলতে বলতে উত্তরা ৬ নম্বর সেক্টরে জয়নাল মার্কেটসংলগ্ন রেল ক্রসিং পার হচ্ছিলেন। তখন ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী অগ্নিবীণা ট্রেন তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, আমিনুলের পরিবার দক্ষিণখানে থাকে। সকালে তিনি শারীরিক পরীক্ষার জন্য উত্তরার একটি ল্যাবে গিয়েছিলেন। ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।আমিনুলের আত্মীয় কলাবাগান থানার ওসি এনামুল হক বলেন, ডায়াবেটিসসহ শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। চিকিৎসার জন্য তিনি ঢাকায় আসেন। আমিনুল ১৯৮৯ সালে উপপরিদর্শক (এসআই) হিসেবে পুলিশে যোগ দেন। তিনি দুই সন্তানের জনক ছিলেন। গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার মাহমুদপুরে।