মুঠোফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ রেলস্টেশন এলাকায় মুঠোফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে গতকাল সোমবার সকালে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। নিহত চিকিৎসক সরফুদ্দিন আহমেদ শহরের জামতলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রেলস্টেশন ফাঁড়ি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল কুদ্দুস জানান, সকাল সাড়ে আটটার দিকে এই রেলস্টেশন এলাকায় ঢাকা অভিমুখী একটি ট্রেনের ইঞ্জিন ঘোরানো হচ্ছিল। এ সময় মুঠোফোনে কথা বলছিলেন সরফুদ্দিন। একপর্যায়ে তিনি অসাবধানতাবশত রেললাইনের ওপর উঠে গেলে ইঞ্জিনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তাঁর লাশ উদ্ধার করে স্বজনের কাছে হস্তান্তর করা হয়।
সরফুদ্দিনের ছেলে শাহরিয়ার আহমেদ জানান, প্রতিদিনের মতো গতকাল সকালে তাঁর বাবা ব্যায়ামের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পরে ওই দুর্ঘটনায় পড়েন। তাঁর বাবা সরকারি চাকরি থেকে অবসরে ছিলেন।