মুঠোফোনে কথা বলার সময় ইঞ্জিনের ধাক্কায় মৃত্যু
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশন এলাকায় আজ সোমবার সকালে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি মুঠোফোনে কথা বলতে বলতে একপর্যায়ে রেললাইনের ওপর উঠে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সরফুদ্দিন আহমেদ (৭০)। তিনি অবসরপ্রাপ্ত চিকিত্সক ছিলেন। তাঁর বাড়ি নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশন এলাকায় ঢাকাগামী একটি ট্রেনের ইঞ্জিন স্থান পরিবর্তন করছিল। এ সময় মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইনের ওপর উঠে পড়েন সরফুদ্দিন আহমেদ। তিনি মাথা ও শরীরে আঘাত পান। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশন ফাঁড়ি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল কুদ্দুস প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত সরফুদ্দিন আহমেদের ছেলে শাহরিয়ার আহমেদ শুভ প্রথম আলো ডটকমকে জানান, তাঁর বাবা প্রতিদিনের মতো আজ সকালে ব্যায়াম ও হাঁটাহাঁটির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন।