মুঠোফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে জালাল দফাদার (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে যশোর সেনানিবাসসংলগ্ন শানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জালাল দফাদার যশোর সদর উপজেলার খিতিবদিয়া গ্রামের মোহর দফাদারের ছেলে। ইমারত নির্মাণশ্রমিকের ঠিকাদারির কাজ করতেন তিনি।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ১২টার দিকে জালাল দফাদার শানতলা এলাকার রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় মুঠোফোনে কথা বলছিলেন। একপর্যায়ে অসতর্ক অবস্থায় রেললাইন অতিক্রম করার সময় রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

রেলওয়ে পুলিশ (জিআরপি) যশোর ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জাকির হোসেন তালুকদার বলেন, ‘জালাল দফাদার সকালে বাড়ি থেকে ধান নিয়ে স্থানীয় বাজারের চালকলে যান। পরে তিনি মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় অসতর্ক অবস্থায় তিনি রেললাইন অতিক্রম করতে গেলে হঠাৎ ট্রেন তাঁর শরীরের ওপরে উঠে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরিবারের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’