মুঠোফোনে চাঁদাবাজি, সাত মাসে ৩০০ সিম বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিবন্ধনবিহীন বা ভুয়া পরিচয়ে নিবন্ধিত সিমকার্ড ব্যবহার করে মুঠোফোনে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে অপরাধীরা। পুলিশ এসব মুঠোফোন শনাক্ত করতে পারলেও শেষ পর্যন্ত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হিসাব অনুযায়ী, মুঠোফোনে চাঁদাদাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে গত সাত মাসে ৩০০ মুঠোফোনের সিমকার্ড বন্ধ করে দেওয়া হয়েছে। আর এগুলোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছে মাত্র ২৫ জন।পুলিশ সূত্রগুলো বলছে, এখন চাঁদাবাজদের আতঙ্ক সৃষ্টির প্রধান হাতিয়ার মুঠোফোন। প্রত্যন্ত অঞ্চলে বসে ঢাকার শীর্ষ সন্ত্রাসী বা জঙ্গি পরিচয়ে এরা চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। একজনকে সকাল-বিকেলে বারবার ফোন করে বিপর্যস্ত করে ফেলে চক্রটি। ডিবি সূত্র জানায়, ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে ২০০৮ সালের সেপ্টেম্বরে সাইবার ক্রাইম বিশেষ সেল গঠন করা হয়। একজন সহকারী কমিশনারের নেতৃত্বে আট-দশজন সদস্য এ বিভাগে কাজ করেন। ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে গত তিন বছরে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে তিন হাজার ২৩২ ব্যক্তি এই সেলে অভিযোগ করেছেন। এসব অভিযোগের তদন্ত করে ডিবি পুলিশ পাঁচ হাজার ৮০৯টি মুঠোফোনের সিমকার্ড বন্ধ করেছে। এ ছাড়া মুঠোফোনে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি দেওয়ায় চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ডিবির সাইবার ক্রাইম বিশেষ সেলে ১৬৭ জন অভিযোগ দিয়েছেন। এর মধ্যে অনুসন্ধান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া নিবন্ধনহীন অনেক সিমও বন্ধ করে দেওয়া হয়েছে।ডিবির কর্মকর্তারা জানান, অনুসন্ধান করে ডিবি পুলিশ জানতে পেরেছে, মাদারীপুরের রাজৈর উপজেলার লুন্দি নামের একটি গ্রামের অনেক মানুষ এ ধরনের টেলিফোন চাঁদাবাজির সঙ্গে জড়িত। এদের অনেকেই একাধিকবার গ্রেপ্তার হয়েছে। লুন্দির স্থানীয় ভাষায় টেলিফোনে চাঁদাবাজিকে বলা হয় ‘হ্যালো ব্যবসা’। এখন এই চাঁদাবাজেরা দেশের সীমান্ত এলাকায় তাদের নেটওয়ার্ক বিস্তার করেছে। পুলিশের ছায়া দেখামাত্রই এরা চলে যাচ্ছে সীমান্তের ওপারে।ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও সামাজিক সেবা শাখার অতিরিক্ত উপকমিশনার মো. মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, বন্ধ করে দেওয়া সিমকার্ডের মধ্যে অনেকগুলোর নিবন্ধন করা হলেও নাম-ঠিকানা ছিল ভুয়া। আর বাকিগুলোর নিবন্ধন করা হয়নি। তিনি বলেন, মুঠোফোন ব্যবহারকারী যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বর্তমানে তারা কারাগারে আছে।