মুঠোফোনে চাঁদাবাজি চক্রের হোতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় মুঠোফোনে চরমপন্থী পরিচয়ে ধারাবাহিক চাঁদাবাজি চক্রের অন্যতম হোতা সাইদুর মীর ওরফে রাকিবকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার দুপুরে তাকে পুলিশ সুপারের সমেঞ্চলনকক্ষে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। সাইদুর জানান, তাঁর বাড়ি মাদারীপুরের নন্দীগ্রামে। তিনি ও তাঁর বড় ভাই আসাদ মীর ওরফে মহিউদ্দিন শিকদার চরমপন্থী নেতা পরিচয়ে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির নামে চাঁদাবাজি করে আসছিলেন। যাঁদের কাছে চাঁদা দাবি করা হতো, তাঁদের পেশা, টাকা-পয়সা, সম্পদের পরিমাণ এবং স্ত্রী ও সন্তানদের বিষয়ে আগেই খোঁজখবর নেওয়া হতো। পাঁচ থেকে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত চাঁদা দাবি করা হলেও বেশির ভাগই মানুষই পাঁচ থেকে ১০ হাজার টাকা দেয়। আদায়কৃত চাঁদার টাকা তথ্যদাতাকে ভাগ দিতে হয়। ভারপ্রাপ্ত পুলিশ সুপার ছালেহ উদ্দিন জানান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় ১৩ আগস্ট ঢাকার কারওরান বাজারে সুন্দরবন কুরিয়ার থেকে টাকা তুলতে এসে সাইদুর মীর আটক হন। এরপর টানা দুই দিন ঢাকা গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গত মঙ্গলবার চুয়াডাঙ্গার এনডিসি কাজী সায়েমুজ্জামান বাদী হয়ে একটি চাঁদাবাজির মামলা দায়ের করলে ওই মামলায় বুধবার সাইদুরকে চুয়াডাঙ্গায় আনা হয়।