মুঠোফোনে চার্জ দিতে না দেওয়ায়...
মুঠোফোনে চার্জ দিতে না দেওয়ায় ইউনিয়ন পরিষদের এক সদস্য ও তাঁর সহযোগীদের হামলায় একজন ব্যবসায়ী আহত হয়েছেন। তাঁরা সেই ব্যবসায়ীর দোকানের মালামাল লুট করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড় বাইশদিয়া ইউনিয়নের ডিগ্রির বাজারে গত রোববার এ ঘটনা ঘটে। এ ঘটনার জেরে ইউপি সদস্যের সমর্থক ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।আহত ব্যবসায়ীর নাম আ. বারেক। তাঁকেসহ দুজনকে আশঙ্কাজনক অবস্থায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বড় বাইশদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাকির মৃধা মুঠোফোনে চার্জ দেওয়ার জন্য রোববার সন্ধ্যায় ডিগ্রি বাজারের কাপড় ব্যবসায়ী বারেকের দোকানে যান। ঈদের বেচাকেনার কারণে দোকানে ভিড় থাকায় বারেক মুঠোফোনটি চার্জ দিতে রাখতে রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে কিছুক্ষণ পরেই জাকির মৃধা ৩০ থেকে ৪০ লোক নিয়ে বারেকের দোকানে হামলা ও ভাঙচুর চালান।হাসপাতালে চিকিৎসাধীন বারেক অভিযোগ করে বলেন, ‘কোনো কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা আমাকে পিটিয়ে আহত করে আমার দোকানের এক লাখ টাকারও বেশি দামের মালামাল লুট করে নিয়ে যায়।’ জাকির মৃধা দাবি করেন, ব্যবসায়ীদের হামলায় তাঁর ছেলে রাশেদুলসহ আরও চারজন আহত হয়েছে। তিনি বলেন, ‘আ. বারেক অহেতুক আমার সঙ্গে খারাপ আচরণ করে ঝামেলার সৃষ্টি করেছে। আমার কোনো লোক আগে থেকে হামলা করেনি।’