মুঠোফোনে ছাত্রীর আপত্তিকর ছবি, তিন ছাত্রের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে অষ্টম শ্রেণীর এক ছাত্রীর আপত্তিকর ভিডিওচিত্র ধারণ করার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরে তাঁদের প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড দেন। রাজধানীর উত্তরার একটি মেসে গতকাল এ ঘটনা ঘটে। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা প্রথম আলোকে বলেন, সাজা পাওয়া তিন যুবক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।র‌্যাব সূত্র জানায়, গতকাল দুপুরে পূর্বপরিচিত এক যুবক অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি মেসে নিয়ে যান। সেখানে পারভেজ সরকার (২০), মাহবুব হাসান (২০) ও উদয় শর্মা (২০) নামের তিন যুবক ওই মেয়েটির আপত্তিকর ভিডিও ছবি মুঠোফোনে ধারণ করেন। এরপর তাঁরা মেয়েটির কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়া হলে ভিডিওচিত্র ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে বলেও মেয়েটিকে ভয় দেখানো হয়। সূত্র জানায়, মেস থেকে বেরিয়ে এসে র‌্যাব-১-এর কার্যালয়ে মেয়েটি এ ঘটনা জানায়। এরপর র‌্যাবের একটি দল নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশাকে সঙ্গে নিয়ে সেখানে যায়। মুঠোফোনের তথ্যধারকসহ (মেমোরি কার্ড) তিন যুবককে হাতেনাতে গ্রেপ্তার করে র‌্যাব। ম্যাজিস্ট্রেট প্রত্যেককে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। র‌্যাবের কর্মকর্তারা জানান, সাজা দেওয়া পারভেজ, মাহবুব ও উদয় স্বীকার করেছেন, তাঁরা পূর্বপরিকল্পনা অনুযায়ী মেয়েটির আপত্তিকর ভিডিওচিত্র ধারণ করেছেন। তাঁরা তিনজনই নিজেদের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দাবি করেন।