মুঠোফোনে ছাত্রীর ছবি নিয়ে প্রতারণা শিক্ষক গ্রেপ্তার
পটুয়াখালীর বাউফলে স্কুলছাত্রীর ছবি নিয়ে প্রতারণার অভিযোগে মশিউর রহমান (৩৬) নামের এক কলেজশিক্ষককে পুলিশ গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই শিক্ষক ও ছাত্রীর বাড়ি উপজেলার মদনপুর ইউনিয়নে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার জানান, উপজেলার একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী পটুয়াখালী সদর উপজেলার পাতাবুনিয়া কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের গণিত বিভাগের প্রভাষক মশিউর রহমানের কাছে প্রাইভেট পড়ত। তিনি ওই ছাত্রীর ছবি তুলে কম্পিউটারের মাধ্যমে অন্য পর্নো ছবির সঙ্গে সংযোজন করে বিভিন্ন মুঠোফোনে ছড়িয়ে দেন।বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রী ও তার মা মঙ্গলবার দুপুরে থানায় এসে মশিউর রহমানের বিরুদ্ধে মামলা করেন। ওই দিন সন্ধ্যায়ই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। অভিযোগ অস্বীকার করে মশিউর রহমান জানান, তাঁর কাছে ওই মেয়ের কোনো ছবি নেই। পর্নো ছবির সাজানো ও বানোয়াট নাটকের মাধ্যমে তাঁকে ফাঁসিয়ে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।