মুঠোফোনে জানা যাবে দুর্যোগ পূর্বাভাস
সিরাজগঞ্জবাসী এখন থেকে মুঠোফোনেই বন্যা ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাবেন। সরকারি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটক ও বেসরকারি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোনের এই দুই জেলার গ্রাহকেরা এ সুবিধা পাবেন। গতকাল বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো সূত্রে এ তথ্য জানা গেছে।যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে পানির উচ্চতা বিপদসীমা অতিক্রম করলেই পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে সেল ব্রডকাস্টিং প্রযুক্তির মাধ্যমে পূর্বাভাস-সংক্রান্ত খুদে বার্তা পাঠানো হবে।গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে দুর্যোগ পূর্বাভাস বিষয়ে কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তারা স্থানীয় জনগণের পক্ষ থেকে এ উদ্যোগের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোকে ধন্যবাদ জানান। পরীক্ষামূলকভাবে সিরাজগঞ্জ জেলায় একটি প্রকল্পের আওতায় পূর্বাভাস ব্যবস্থা চালু হলেও পরবর্তী সময়ে দেশের অন্যান্য এলাকায়ও এ অভিজ্ঞতা কাজে লাগানো হবে। সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি এতে কারিগরি সহযোগিতা দিচ্ছে।