মুঠোফোনে টাকা পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ২
ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণার অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত রোববার রাত দুইটার দিকে শাহজাহানপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মমিন মৃধা (১৯) ও হাসিবুল হাসান (১৯)।
গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিআইডির বিশেষ সুপার (অর্গানাইজড ক্রাইম) মীর্জা আব্দুল্লাহেল বাকী। তিনি বলেন, গত ১০ জানুয়ারি এক নারী তাঁর মেডিকেলপড়ুয়া মেয়েকে মুঠোফোন ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে কিছু টাকা পাঠান। এর কিছুক্ষণের মধ্যেই ওই মেয়ের মুঠোফোনে বিকাশের নামে ভুয়া খুদে বার্তা আসে। এরপর প্রতারক চক্রের একজন ওই মেয়েকে ফোন করে বলে, ভুল করে তাঁর ফোনে দুবার টাকা পাঠানো হয়েছে। দ্বিতীয়বার পাঠানো টাকা তিনি একটি নম্বরে ফেরত পাঠানোর অনুরোধ করেন। সে অনুযায়ী ওই মেয়ে টাকা পাঠানোর পর বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। এ ঘটনায় ১২ জানুয়ারি শাহজাহানপুর থানায় একটি মামলা হয়। পরে তদন্তের মাধ্যমে সিআইডির অর্গানাইজড ক্রাইমের একটি দল মমিন ও হাসিবুলকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মীর্জা আব্দুল্লাহেল বাকী বলেন, এমন প্রতারণা যেকোনো মুঠোফোন ব্যাংকিং প্রতিষ্ঠানের মাধ্যমেই হতে পারে। এ ক্ষেত্রে বিকাশকে ব্যবহার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত বিশেষ সুপার মুহাম্মদ মিনহাজুল ইসলাম, সিরাজুম মুনিরা প্রমুখ উপস্থিত ছিলেন। এমন প্রতারণার হাত থেকে বাঁচার উপায় সম্পর্কে মিনহাজুল ইসলাম বলেন, কেউ টাকা ফেরত চাইলে প্রথমেই নিজের মুঠোফোন ব্যাংকিংয়ের অ্যাকাউন্ট যাচাই করতে হবে। যাচাই করে অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পেলে বুঝতে হবে কেউ প্রতারণার চেষ্টা করছেন।