মুঠোফোনে ডেকে নিয়ে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও আওয়ামী লীগের সভাপতি আবদুল জলিলকে (৪০) গত বুধবার বিকেলে মুঠোফোনে ডেকে নিয়ে কুপিয়েছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।আবদুল জলিল গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বুধবার বিকেলে আবদুল কুদ্দুস আমাকে মুঠোফোনে কথা আছে বলে ডেকে বামিহাল বাজারে তাঁর কার্যালয়ে যেতে বলেন। আমি সেখানে যাওয়ামাত্র কার্যালয়ের বারান্দায় তাঁর সমর্থকেরা এলোপাতাড়ি কোপাতে থাকে। এরপর আর কিছু বলতে পারব না।’ আবদুল কুদ্দুস মৎস্যজীবী দলের উপজেলা শাখার সভাপতি।সিংড়া থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ত্রাসীরা জলিলের শরীরে ৩২টি কোপ দিয়েছে। এতে তাঁর বাঁ পায়ের হাঁটু ও ডান হাতের কব্জি মারাত্মক জখম হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে গতকাল ভোরে তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার সময় দুর্বৃত্তরা জলিলের মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়।