খুলনা সিটি করপোরেশন মুঠোফোনে সব ধরনের নাগরিক সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে। একটি কল করলেই যেকোনো সমস্যার সমাধানে এগিয়ে আসবেন করপোরেশনের কর্মীরা। চলতি মাসের শেষ সপ্তাহে এ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় মুঠোফোনে সব ধরনের নাগরিক সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যেকোনো মুঠোফোন কোম্পানির নম্বর থেকে ১৬৩৬৪ নম্বরে কল করে ৪ চাপলেই কেসিসির হেল্পলাইন পাওয়া যাবে। এরপর ১ চাপলে রাস্তার বাতি, ময়লা-আবর্জনা, বেওয়ারিশ কুকুর, মশা নিধনসহ নানা ধরনের সমস্যার চটজলদি সমাধান পাওয়া যাবে। ২ চাপলে হোল্ডিং, নতুন হোল্ডিং বা নাম পরিবর্তন; ৩ চাপলে স্বাস্থ্যসেবা; ৪ চাপলে রোড রোলার, অ্যাম্বুলেন্স ভাড়া, শৌচাগার ও নালা পরিষ্কার; ৫ চাপলে রাস্তা; ৬ চাপলে ট্রেড লাইসেন্স, ইজিবাইক, রিকশা, ভ্যান, ড্রাইভিং লাইসেন্স; ৭ চাপলে নাগরিকত্ব, জন্ম, মৃত্যু, ওয়ারিশ সনদ; ৮ চাপলে হাট-বাজার, মার্কেট, পার্ক, কমিউনিটি সেন্টার, শ্মশান এবং ৯ চাপলে উন্নয়নকাজ সম্পর্কে জানা যাবে। সবশেষে ১০ চাপলে প্রধান মেনুতে ফিরে আসা যাবে।