মুঠোফোনে পরিচয় দেখা করতে গিয়ে বোনসহ ধর্ষণের শিকার
মুঠোফোনে সম্পর্ক। সেই সম্পর্কের টানে সরাসরি সাক্ষাৎ। কিন্তু বখাটে যুবক বিশ্বাসের মর্যাদা রাখলেন না। সহযোগীদের নিয়ে মেয়েটি ও তার বোনকে ধর্ষণ করলেন। পালিয়ে রক্ষা পেয়েছে মেয়েটির ভাতিজি।
গত রোববার রাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এ ঘটনা ঘটেছে। মামলা হয়েছে তিন যুবকের নামে।
গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের কৃত্তিনগর গ্রামের আরিফ হোসেন (২২) পার্শ্ববর্তী একটি গ্রামের অষ্টম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সম্প্রতি ওই ছাত্রীকে দেখা করতে বলেন আরিফ। আরিফের গ্রামেই মেয়েটির খালার বাড়ি। মেয়েটি গত রোববার ক্লাস শেষে তার এক চাচাতো বোন ও এক ভাতিজিকে নিয়ে খালার বাড়িতে বেড়াতে আসে। আরিফ সন্ধ্যার পর দেখা করার সময় দেয়। মেয়েটি তার বোন ও ভাতিজিকে নিয়ে খালার বাড়িতে থেকে যায়। রাত সাড়ে সাতটার দিকে তারা তিনজনই আরিফের সঙ্গে দেখা করতে পার্শ্ববর্তী গড়াই নদের ধারে যায়। সেখানে যাওয়ার পর দেখা যায়, আরিফের সঙ্গে আরও দুই যুবক রয়েছেন। কথা বলার একপর্যায়ে তাঁরা মেয়েটি ও তার চাচাতো বোনকে ধর্ষণ করেন। পালিয়ে গিয়ে রক্ষা পায় ভাতিজি। সে বাড়িতে পৌঁছে ঘটনা জানালে গ্রামের লোকজন নদীর পাড়ে ছুটে যান। কিন্তু ততক্ষণে বখাটেরা পালিয়ে যান।
এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে আরিফ হোসেন, রাজীব মণ্ডল ও বাদশা হোসেনকে আসামি করে শৈলকুপা থানায় গতকাল সোমবার মামলা করেছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুদ্দিন মোল্লা জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। কাল (মঙ্গলবার) মেয়েটি ও তার চাচাতো বোনের ডাক্তারি পরীক্ষা হবে।