মুঠোফোনে পরিচয় প্রেম, অতঃপর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে ভুল নম্বরে ডায়াল। তারপর পরিচয়, হয় কথা। ধীরে ধীরে কথার রেলগাড়ি দীর্ঘ থেকে দীর্ঘায়িত হয়। মুঠোফোনেই বাড়ে ঘনিষ্ঠতা। শুরু হয় প্রেম। মাত্র তিন মাসের ব্যবধানে প্রেমে পাগলপারা হয়ে মেয়েটি মুঠোফোন-প্রেমিকের হাত ধরে ঘর ছাড়ে। মুখোমুখি হয় বাস্তবতার, বুঝতে পারে তার ভুল। রাস্তাভর্তি লোকের সামনে তাকে একা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে প্রেমিক। পরে লোকজন তাকে ধরে পুলিশে দেয়।ছেলেটির আসল নাম সুধীর হালদার (২২)। কিন্তু তিনি নয়ন বলে পরিচয় দিয়ে প্রেম চালিয়ে আসছিলেন। তাঁর বাড়ি কালকিনি উপজেলার টরকীরচর গ্রামে। আর মেয়েটির বাড়ি গৌরনদীর ধুরিয়াইল গ্রামে। সে নবম শ্রেণীতে পড়ে।মেয়েটি জানায়, প্রেমে পড়ে সে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে প্রেমিকের জাত-ধর্ম কিছুই যাচাই করেনি। মাত্র তিন মাসের পরিচয়ে ছেলেটির হাত ধরে গত সোমবার অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। ওই দিন তারা আগৈলঝাড়ার পয়সারহাট এলাকায় এক বন্ধুর বাড়িতে রাত যাপন করে। তখনো সে (মেয়েটি) জানত না নয়নের আসল নাম সুধীর হালদার। গত মঙ্গলবার রাতে কক্সবাজারের উদ্দেশে পালানোর সিদ্ধান্ত নেয় তারা। কক্সবাজার যেতে গৌরনদীর টরকী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সন্দেহজনক আচরণের কারণে স্থানীয়রা তাদের আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সুধীর প্রেমিকাকে রেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু জনতা তাঁকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। গত বুধবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর কথা নিশ্চিত করেছেন গৌরনদী থানার এএসআই আনোয়ার হোসেন।