মাত্র দুই টাকা ব্যয়ে মুঠোফোনের মাধ্যমে ঘরে বসেই পানির বিল ও পৌর কর দিতে পারবেন ঝিনাইদহ পৌরসভার গ্রাহকেরা। বকেয়া হলেই মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তাঁদের। গত সোমবার এই পদ্ধতি চালু করেছে ঝিনাইদহ পৌর কর্তৃপক্ষ। দেশের ৩২১টি পৌরসভার মধ্যে ঝিনাইদহে প্রথম এ পদ্ধতি চালু হলো।
ঝিনাইদহ পৌরসভা ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মধ্যে সোমবার এই বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। পৌরসভার পক্ষ থেকে মেয়র সাইদুল করিম ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পক্ষ থেকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাহের আহম্মেদ চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন। এই পদ্ধতিকে ব্যাংক ‘ফার্স্টপে শিওরক্যাশ’ নামে চালু করেছে।
অনুষ্ঠানে জানানো হয়, প্রথম পর্যায়ে ৬৬ হাজার গ্রাহক পানির বিল পরিশোধ করবেন মুঠোফোনের মাধ্যমে। নির্দিষ্ট একটি অ্যাকাউন্টে জমা হবে টাকা। পরে বাড়িতে বসেই বিল পরিশোধ করা যাবে। পাশাপাশি ৩০ হাজার গ্রাহক পৌর কর দিতে পারবেন। শহরের ডা. কে আহম্মদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম, পুলিশ সুপার আলতাফ হোসেন, ব্যাংকের হেড অব মার্কেটিং ডেভেলপমেন্ট ডিভিশনের আজম খান