মুঠোফোনে প্রতারণা করছে নারী চরমপন্থীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে নারী চরমপন্থীদের তত্পরতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে এখন নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব নারী সদস্য মুঠোফোনে প্রেমের অভিনয় করে প্রতিপক্ষকে ডেকে নিয়ে চরমপন্থীদের হাতে তুলে দেয়। তারপর তাদের খুন করা হয়। গত ২৫ মার্চের জোড়া খুনের মামলায় গ্রেপ্তার হওয়া চরমপন্থী জোসনা বেগমের (২২) স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে এসব তথ্য জানা গেছে।চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে জানান, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার চরমপন্থীরা একই সুতায় গাঁথা। র‌্যাব ও পুলিশের অভিযানের মুখে এলাকাছাড়া শীর্ষস্থানীয় চরমপন্থী নেতারা ঢাকা থেকে কার্যক্রম পরিচালনা করছেন। জোসনার জবানবন্দিতে যেসব নেতার নাম এসেছে, তাঁরাও স্থানীয়, কিন্তু বর্তমানে তাঁরা ঢাকায় অবস্থান করছেন। দুই জেলার চরমপন্থীদের তালিকায় সক্রিয় সাত নারী সদস্যের নাম পাওয়া গেছে। তাদের মধ্যে জোসনা অন্যতম। তারা মুঠোফোনে প্রেমের অভিনয় করে শিকার ধরতে অভিজ্ঞ। এসপি আরও জানান, মুঠোফোনের সূত্র ধরেই জোসনাকে গ্রেপ্তার করা হয়েছে।চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার উদয়পুর মাঠে গত ২৫ মার্চ দিবাগত রাতে মেহেরপুরের গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামের মজিবর রহমান ও তাঁর বন্ধু নাজমুল হকের লাশ পাওয়া যায়। ঘটনাস্থলে মেয়েদের একটি হিল জুতা পাওয়া যায়। সেই আলামতই খুনের সঙ্গে নারীর জড়িত থাকার বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভাবিয়ে তোলে।ওই জোড়া খুনের ঘটনায় পুলিশ ১ জুন গাংনী উপজেলার নওপাড়া গ্রামের রহমত উল্লাহর মেয়ে জোসনা বেগমকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া জোসনা চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সক্রিয় সদস্য।গ্রেপ্তারের পরদিন জোসনা চুয়াডাঙ্গার বিচারিক হাকিম এম এ হামিদের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জোড়া খুনের সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা অস্বীকার করলেও প্রেমের অভিনয় করে মজিবরকে ঢাকা থেকে মেহেরপুরের গাংনীতে ডেকে এনে চরমপন্থীদের হাতে তুলে দেওয়ার কথা তিনি স্বীকার করেছেন। জবানবন্দিতে জোসনা জানান, ঢাকায় তিনি যখন গার্মেন্টসে চাকরি করতেন, তখন ব্যবসায়ী আবু তাহেরের সঙ্গে তাঁর পরিচয় হয়। দুই মাস আগে তাহের তাঁকে মজিবরের সঙ্গে প্রেমের অভিনয় করতে বলেন। এরপর জোসনা অভিনয় শুরু করেন। মজিবর একপর্যায়ে তাঁকে বিয়ে করতে চান, কিন্তু তাহেরের পরিকল্পনা অনুযায়ী জোসনা মজিবরকে ঢাকা থেকে ২৫ মার্চ রাত আটটার দিকে গাংনী পৌরসভা চত্বরে আসতে বলেন। কথামতো মজিবর ও তাঁর বন্ধু নাজমুল সেখানে যান। খবর পেয়ে জোসনা পৌরসভা চত্বরে গিয়ে দেখেন, তাহের ও তাঁর ভাই আবুল কালাম আজাদ এবং শাহিবুল, শাফিকুলসহ বেশ কয়েকজন মজিবর ও নাজমুলকে ঘিরে দাঁড়িয়ে আছেন। জোসনা ও মজিবরকে কাজি অফিসে নিয়ে বিয়ে করানোর কথা বলে তাঁদের একটি সাদা মাইক্রোবাসে তোলা হয়। কিন্তু মাইক্রোবাসটি কাজি অফিসে না গিয়ে চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারের দিকে রওনা দেয়। রাত ১১টার দিকে জোসনাকে হাটবোয়ালিয়ায় তাঁর বোনের বাড়ির পাশে নামিয়ে দিয়ে অন্যরা চলে যান। তাহের জোসনাকে জানান, বিয়ের জন্য তাঁকে পরদিন ডেকে নেওয়া হবে। কিন্তু পরদিন সকালে জোসনা লোকমুখে শোনেন, মজিবর ও নাজমুলকে খুন করা হয়েছে। এ সময় আজাদ ও তাহেরের মুঠোফোনে জোসনা যোগাযোগ করলে তাঁদের ফোন বন্ধ পান। জোসনার দাবি, তাহের বা আজাদ কেউ তাঁকে আগে থেকে বলেননি যে তাঁরা মজিবর ও নাজমুলকে খুন করবেন।চুয়াডাঙ্গার এসপি মো. নজরুল ইসলাম জানান, উন্নত প্রযুক্তি ব্যবহার করে জোসনাকে জোড়া খুনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর জোসনা নিজেকে বাঁচিয়ে জবানবন্দি দিলেও তাঁর জড়িত থাকার বিষয়ে পুলিশের হাতে যথেষ্ট প্রমাণ আছে।