মুঠোফোনে প্রবাসী স্বামীকে জানিয়ে গৃহবধূর আত্মহনন
শুক্রবার রাতে মুঠোফোনে ভিডিও কল করে স্বামীর সঙ্গে কথা বলছিলেন গৃহবধূ সাবিনা ইয়াসমিন (৩৫)। তাঁর স্বামী সৈয়দ শাহনেওয়াজ দুবাইপ্রবাসী। একপর্যায়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়। সাবিনা বলেন, তিনি আত্মহত্যা করবেন। শাহনেওয়াজ সঙ্গে সঙ্গে মুঠোফোনে তাঁর শ্বশুরকে বিষয়টি জানান। তবে সাবিনার বাবা এলেন পরদিন সকালে। তখন ঘরে ঝুলছে সাবিনার লাশ।
ঠাকুরগাঁও পৌরসভার তাঁতীপাড়া মহল্লার একটি বাড়ি থেকে গতকাল শনিবার সকালে সাবিনার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর বাবার বাড়ি সদর উপজেলার রুহিয়া থানার মধুপুর গ্রামে। সাবিনার স্বামী সৈয়দ শাহনেওয়াজের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। তিনি দুবাইয়ে চাকরি করেন। এ দম্পতির দুই ছেলে রয়েছে। সাবিনা মা আয়েশা বেগমকে নিয়ে তাঁতীপাড়া মহল্লায় ভাড়া থাকতেন। আয়েশা বেগম দুই নাতিকে নিয়ে বৃহস্পতিবার গ্রামের বাড়ি যান। সাবিনা বাড়িতে একা ছিলেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ঠাকুরগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবু হানিফ বলেন, কয়েক মাস আগে সাবিনা শুনতে পেয়েছিলেন যে তাঁর স্বামী অন্য আরেকটি মেয়েকে বিয়ে করেছেন। এ কারণে তিনি তাঁদের দুবাইয়ে নিয়ে যেতে স্বামীকে চাপ দিতে শুরু করেন। বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে মনোমালিন্য হয়। শুক্রবার রাতে শাহনেওয়াজের মুঠোফোনে ভিডিও কল করেন সাবিনা। রাত একটার দিকে সাবিনা গলায় ফাঁস দেন।
সাবিনার বাবা আবদুল কুদ্দুস বলেন, ‘রাতে শাহনেওয়াজ জানায়, সাবিনা আত্মহত্যা করতে যাচ্ছে। সেখানে দ্রুত যেতে বলে আমাদের। গ্রামের বাড়ি থেকে শহরের ওই বাসার দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। ভোরে এসে দেখি সাবিনার দেহ ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে খবর পেয়ে পুলিশ ঘরের দরজা ভেঙে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।’
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।