মুঠোফোনে প্রেম, এরপর যৌনপল্লিতে বিক্রির চেষ্টা
প্রায় দুই মাস মুঠোফোনে প্রেম করার পর ভালোবাসার ফাঁদে ফেলে যৌনপল্লিতে নিয়ে বিক্রির চেষ্টাকালে মঙ্গলবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে এক তরুণীকে (১৮) উদ্ধার করেছে পুলিশ। এ সময় আশা আক্তার (২২) নামের এক যৌনকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। আশা পল্লির লিলি-ফরহাদের ভাড়াটিয়া।গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এসআই) আবু সায়েম উদ্ধারকৃত তরুণীর বরাত দিয়ে জানান, ফরিদপুরের শিবরামপুর এলাকার ওই তরুণীর প্রায় তিন মাস আগে বিয়ে হয়। বিয়ের দুই মাসের মাথায় শুরু হয় স্বামীর অত্যাচার। এর মধ্যে আশা আক্তারের সঙ্গে তাঁর পরিচয়, মাঝেমধ্যে মুঠোফোনে কথা চলত। কিন্তু আশার পরিচয় জানতেন না। এর মধ্যে রাজবাড়ী শহরে আশার কথিত প্রেমিকের বন্ধু রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর এলাকার সিরাজের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে মুঠোফোনের আলাপচারিতায় সখ্য গড়ে ওঠে। গত ২২ মার্চ তরুণী তাঁর স্বামীকে তালাক দিয়ে সিরাজকে বিয়ের কথা বলে। ৩১ মার্চ গোয়ালন্দের জমিদারব্রিজ নামক এলাকায় আশা ও সিরাজ ওই তরুণীর জন্য অপেক্ষা করতে থাকে। কথামতো ঘটনাস্থলে পৌঁছালে ওই তরুণীকে নিয়ে তারা দৌলতদিয়া যৌনপল্লির বাইরে শামসুদ্দিন মাস্টারপাড়ায় এক দূর সম্পর্কের আত্মীয়ের বাসায় আটকে রাখে। পরে মঙ্গলবার সকালে তাঁকে আশার হাতে তুলে দিয়ে সিরাজ পালিয়ে যায়। এ সময় তরুণীকে নিয়ে আশা যৌনপল্লির ভেতর অবস্থান করলে বিষয়টি বুঝতে পেরে তরুণী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে দৌলতদিয়া বাস টার্মিনাল থেকে তরুণীকে আটক করে আশা আবার যৌনপল্লিতে নেওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা তাদের আটক করে নৌপুলিশ ফাঁড়িকে খবর দেয়। গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার জানান, বুধবার উদ্ধার হওয়ায় তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে আদালতের মাধ্যমে তাঁর পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ছাড়া মঙ্গলবার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের পর বুধবার আসামিকে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।