মুঠোফোনে প্রেম, ঘরছাড়া করিয়ে মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের অভিনয় করে। এরপর তাকে ফুসলিয়ে গাজীপুরের টঙ্গীতে নিয়ে আসে প্রতারক। নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে অচেতন করে রাখে। পরে কলেজছাত্রীর পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে প্রতারক ও তার সঙ্গীরা।গোয়েন্দা তৎপরতার মধ্যে বিষয়টি জানতে পারেন র‌্যাবের সদস্যরা। গত রোববার দিবাগত রাতে টঙ্গীর মধ্য আরিচপুর এলাকার একটি বাসা থেকে ওই কলেজছাত্রীকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় চারজনকে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উল্লাপাড়ার রিমন (২৪), মো. আমজাদ হোসেন (২৬), ইমন (২৪) ও কাওছার (২৩)।র‌্যাবের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চারজনের দলের প্রধান রিমন ওই কলেজছাত্রীর সঙ্গে মুঠোফোনে প্রেমের অভিনয় করেন। ওই ছাত্রীকে ফুসলিয়ে ৮ জুলাই উল্লাপাড়া থেকে টঙ্গীর আরিচপুর এলাকার একটি বাসায় রাখেন। ওই দিন অপহরণকারী চক্রের অপর সদস্য আরমানের নির্দেশনা অনুযায়ী রিমন ও ইমন ওই ছাত্রীকে নিয়ে কক্সবাজারে যান। তিন দিন পর আবার টঙ্গীতে ফিরে আসেন। এদিকে রিমন ওই ছাত্রীর সঙ্গে প্রেমের অভিনয় অব্যাহত রাখেন এবং তাকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে বেশির ভাগ সময় অচেতন করে রাখেন। অপর দিকে আরমান ও কাওছার ছাত্রীর পরিবারের কাছে মুক্তিপণ বাবদ পাঁচ লাখ টাকা দাবি করেন।র‌্যাবের কর্মকর্তারা জানান, অপহরণকারীরা ওই ছাত্রীর পরিবারের কাছ থেকে মুক্তিপণের টাকা উদ্ধারে ব্যর্থ হয়ে তাকে যৌনপল্লিতে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেন। পরে তাঁদের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনে মেয়েটির অচেতন অবস্থার আপত্তিকর দৃশ্য ভিডিও করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পরিবারের কাছে টাকা দাবি করেন।যোগাযোগ করা হলে র‌্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান প্রথম আলোকে জানান, ওই অপহরণকারীরা আগে থেকেই র‌্যাবের নজরদারিতে ছিলেন। তাঁদের মুঠোফোনে আড়ি পেতে এবং ছাত্রীর বাবার মুঠোফোনে কলের সূত্র ধরে র‌্যাবের সদস্যরা অপহরণের বিষয়টি জানতে পারেন। পরে রোববার দিবাগত রাতে ওই ছাত্রীকে উদ্ধার ও চার অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। চার অপহরণকারীকে টঙ্গী মডেল থানায় সোপর্দ করে মামলা করেছে র‌্যাব।গতকাল রাতে কলেজছাত্রীর বাবার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, মেয়েকে অপহরণের পর তাঁরা শুধু উল্লাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। র‌্যাবের কর্মকর্তারা তাঁর মেয়েকে উদ্ধারের খবর জানিয়েছেন। মেয়েকে আনতে তিনি টঙ্গীর উদ্দেশে রওনা হয়েছেন।