মুঠোফোনে প্রেম অতঃপর...
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার এক তরুণীর সঙ্গে মুঠোফোনে প্রেম হয় মৌলভীবাজারের বড়লেখার যুবক জিয়াউল হকের। ঘটনাক্রমে তরুণীর কাছ থেকে প্রত্যাখ্যাত হন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে প্রেমিকার এলাকায় এসে উভয়ের ছবি-সংবলিত প্রেমপত্র বিলি করার সময় এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশে দেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন। জানা গেছে, যুবক জিয়াউল হকের সঙ্গে ওই তরুণীর (১৯) মুঠোফোনে দুই বছর আগে প্রেম হয়। এ সময়ে তাঁদের মধ্যে প্রেমপত্র ও ব্যক্তিগত ছবি বিনিময় হয়। একপর্যায়ে তাঁদের সম্পর্কের অবনতি ঘটে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সন্ধ্যায় প্রেমিকার সঙ্গে দেখা করতে জিয়াউল হক কটিয়াদীতে এসে ছাপানো প্রেমপত্র বিতরণ শুরু করেন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায়। মুঠোফোনে মেয়েটিকে আপত্তিকর কথাবার্তা বলা এবং তাঁর ছবি-সংবলিত প্রেমপত্র বিলি করার অপরাধে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম ফারাহ গুল ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে কারাদণ্ড দেন।জিয়াউল হক জানান, মুঠোফোনে দুবছর আগে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিকা তাঁকে এলাকায় আসতে বলায় তিনি ওই দিন কটিয়াদী আসেন। ইউএনও জানান, ছেলেটি লিখিতভাবে তাঁর দোষ স্বীকার করায় তাঁকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ জানান, জিয়াউল হককে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।