মুঠোফোনে প্রেম পালিয়ে বিয়ে অতঃপর শ্রীঘরে
মুঠোফোনে পরিচয়। এক বছর ধরে চলে প্রেম। একপর্যায়ে দুজনই বিয়ের সিদ্ধান্ত নেয়। বাদ সাধে ধর্ম। তাতেও কোনো আপত্তি নেই। মেয়েটি ধর্ম পরিবর্তন করে। পালিয়ে বিয়ে করে দুজন। কিন্তু মেয়ের বাবার দায়ের করা মামলায় ছেলেটি এখন শ্রীঘরে।চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ উপজেলার ওই কিশোরী মেয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মৌবাড়িয়া গ্রামের আমিনুলের সঙ্গে গত সপ্তাহে পালিয়ে আসে। কিশোরীর পরিবার প্রথমে মেয়েকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও পারেনি। নিরুপায় হয়ে মেয়ের বাবা ১৬ সেপ্টেম্বর নবাবগঞ্জ থানায় তিনজনকে আসামি করে একটি অপহরণ মামলা করেন। মামলার সূত্র ধরে দৌলতপুর থানার পুলিশ রোববার রাতে কিশোরীকে উদ্ধার করে। অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় আমিনুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম প্রথম আলোকে বলেন, ছেলে-মেয়েকে নবাবগঞ্জ থানায় হস্তান্তর করা হচ্ছে। মামলার তদন্ত কর্মকর্তা নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) দীপক কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার সূত্র ধরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।