মুঠোফোনে বাংলা না থাকলে আমদানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি জানুয়ারি মাস শেষে আমদানিকারকেরা বাংলা কি-প্যাড ছাড়া কোনো মুঠোফোন সেট আমদানি করতে পারবেন না। এই ঘোষণা কি-প্যাড-বিশিষ্ট হ্যান্ডসেটগুলোর জন্য। পরবর্তী সময়ে টাচস্ক্রিন ও স্মার্ট হ্যান্ডসেটগুলোকে এই নিয়মের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নিয়মিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো, নৌবন্দর, সমুদ্রবন্দর ও বিমানবন্দর কর্তৃপক্ষকেও এ বিষয়ে উপযুক্ত নির্দেশ দেওয়া হয়েছে বলে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ প্রথম আলোকে জানান।জিয়া আহমেদ বলেন, বাংলাদেশে প্রতিবছর প্রায় ৬০ লাখ মুঠোফোন হ্যান্ডসেট আমদানি করা হয়। বিভিন্ন আমদানিকারক বা মুঠোফোন অপারেটর প্রতিষ্ঠান এসব সেট আমদানি করে। বর্তমান নির্দেশনার পরে হ্যান্ডসেট আমদানি করবেন শুধু দেশীয় আমদানিকারকেরা।গত নভেম্বর মাসে বিটিআরসি সিদ্ধান্ত নিয়েছিল যে কোনো বিদেশি প্রতিষ্ঠান সরাসরি মুঠোফোন সেট আমদানি করতে পারবে না। আর আমদানি করা সব সেটে অবশ্যই বাংলা কি-প্যাড থাকতে হবে। বিটিআরসি এই সিদ্ধান্তের পক্ষে চেয়ারম্যান বলেন, ‘এতে করে সাধারণ মানুষ আরও সহজে হ্যান্ডসেট ব্যবহার করতে পারবে এবং দেশে বাংলার প্রচলন হবে।’বাংলাদেশ মুঠোফোন ব্যবসায়ী অ্যাসোসিয়েশন সূত্র জানায়, তাদের সংগঠনের ২১০ জন নিবন্ধিত সদস্য মুঠোফোন সেট আমদানি করে।