মুঠোফোনে ব্যস্ত অটোরিকশা খাদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ীতে মুঠোফোনে কথা বলতে বলতে সিএনজিচালিত অটোরিকশা চালাচ্ছিলেন সুমন্ত দাস (৫৫)। এ অবস্থায় যাত্রীবাহী একটি বাসের সামনে পড়ে যায় অটোরিকশাটি। শেষ মুহূর্তে খেয়াল হয় চালকের। শেষ চেষ্টা হিসেবে বাসটির পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই প্রাণ হারান সুমন্ত। আহত হন আরও তিন যাত্রী। বড়লেখা উপজেলার গাজীটেকা এলাকায় গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে সিলেটের বিয়ানীবাজার থেকে যাত্রী নিয়ে বড়লেখার উদ্দেশে রওনা দেয় অটোরিকশাটি। এর কিছু সময় পর চালকের মুঠোফোনে কল এলে তিনি তাতে কথা বলতে শুরু করেন। তাঁকে একাধিকবার অটোরিকশাটি দাঁড় করিয়ে কথা বলতে অনুরোধ করা হলেও তিনি শোনেননি। গাজীটেকায় পৌঁছালে যানটি একটি বাসের মুখোমুখি হয়। সংঘর্ষ এড়াতে পাশ কাটাতে গিয়ে অটোরিকশাটি খাদে পড়ে যায়। এতে সুমন্ত নিহত হন। তাঁর বাড়ি উপজেলার দাসেরবাজার ইউনিয়নের টুকা গ্রামে।