মুঠোফোনে ভর্তি-প্রক্রিয়া ২৬ সেপ্টেম্বর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) কোর্সে ভর্তি-প্রক্রিয়া ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এবার শিক্ষার্থীরা ঘরে বসেই মুঠোফোনে এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ জন্য শিক্ষার্থীদের একটি টেলিটকের প্রিপেইড সংযোগ ব্যবহার করতে হবে।গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে। চলতি শিক্ষাবর্ষে চারটি অনুষদের ২৮টি বিভাগের আসনসংখ্যা গতবারের চেয়ে ৪৫টি বাড়িয়ে দুই হাজার ৬৩৫টি করা হয়েছে।মুঠোফোনে এসএমএসের মাধ্যমে আবেদনের জন্য সার্ভিস চার্জসহ প্রতি ইউনিটে ফি লাগবে ৩৩০ টাকা। ২৬ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত দিন-রাত ২৪ ঘণ্টা আবেদন করা যাবে।কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট ২৯ অক্টোবর, বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট ৫ নভেম্বর, বাণিজ্য অনুষদভুক্ত ‘গ’ ইউনিট ২৬ নভেম্বর এবং সামাজিক অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান বলেন, টেলিটক সংযোগের মুঠোফোনের এসএমএসের মাধ্যমে আবেদন করার পুরো প্রক্রিয়া শিক্ষার্থীরা ঘরে বসেই সম্পন্ন করতে পারবেন।ওহিদুজ্জামান জানান, আবেদনকারীদের ভর্তি পরীক্ষার তারিখ, সময়, আসনবিন্যাস মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। শুধু ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থীদের এইচএসসি বা সমমান পরীক্ষার মূল প্রবেশপত্র ও একটি ফটোকপি এবং দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি নিয়ে আসতে হবে।ভর্তি পরীক্ষা, শিক্ষার্থীর যোগ্যতা, মুঠোফোনে আবেদন করার পদ্ধতিসহ বিস্তারিত জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jnu.ac.bd-এ। এ ছাড়া ০১৫৫৫-৫৫৫০১৩ বা ০১৫৫৫-৫৫৫০১৪ হটলাইনে ফোন করে জানা যাবে।