মুঠোফোনে ভোটারদের প্রশ্নের সরাসরি উত্তর দিলেন মন্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী মোহাম্মদ মন্জুর আলম গতকাল শনিবার মুঠোফোনে সরাসরি ভোটারদের সঙ্গে প্রশ্নোত্তর-পর্বে অংশ নিয়েছেন। নানা প্রশ্নের সরাসরি জবাব দিয়েছেন। এ সময় তিনি বলেন, নির্বাচিত হলে চট্টগ্রামের উন্নয়নে দেওয়া সব প্রতিশ্রুতি তিনি পূরণ করার চেষ্টা করবেন। নির্বাচিত হলে প্রশ্নোত্তর-ব্যবস্থা অব্যাহত রেখে নাগরিক সমস্যা সমাধানের উদ্যোগ নেবেন।গতকাল বিকেলে নগরের মেহেদীবাগ এলাকার নির্বাচনী কার্যালয়ে বসে ভোটারদের নানা প্রশ্নের জবাব দেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত এই মেয়র প্রার্থী। গতকাল নিজ ব্লগে পাওয়া আটটি প্রশ্নে সরাসরি জবাব দেন তিনি। হালিশহরের তাসফিয়া তানজুম জানতে চান, মেয়র নির্বাচিত হলে সব প্রতিশ্রুতি পূরণ করবেন কি না? জবাবে হ্যাঁ সূচক জবাব দেন মন্জুর। নাসিরাবাদ আপন নিবাস আবাসিক এলাকার কামরুল মোরশেদ বলেন, ‘সিটি করপোরেশনের মালিকানাধীন লেক সিটি আবাসিক এলাকার প্লট কিনে সব টাকা পরিশোধও করেছি। কিন্তু চার বছরেও প্লট বুঝে পাইনি। ভবিষ্যতে পাব কি না?’ জবাবে মন্জুর বলেন, ‘আমি নির্বাচিত হলে দ্রুততম সময়ে এসব বুঝিয়ে দেওয়ার জন্য কার্যকর ব্যবস্থা নেব। অবাঙালি সোহেল আক্তার খান প্রশ্ন করেন, দুই প্রধান মেয়র প্রার্থীর নির্বাচনী ইশতেহারে অবাঙালিদের বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে কেন? জবাবে মন্জুর বলেন, ‘তাঁদের প্রতি আমি সব সময়ই সহানুভূতিশীল।’ মন্জুর ভোটারদের প্রশ্নের জবাব দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট আমীর খসরু মাহমুদ চৌধুরী। গণসংযোগ: চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মন্জুর গতকাল সকাল থেকে নগরের শুলকবহর, জঙ্গি শাহ মাজার, বারইপাড়া, মুরাদপুর, সুগন্ধা আবাসিক এলাকা, বন গবেষণাগার ও বিবিরহাট এলাকায় গণসংযোগ করেন। বিকেলে উত্তর হালিশহর, বড়পুল, মইন্যাপাড়া এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আবদুল্লাহ আল নোমান।