মুঠোফোনে মগ্ন, ট্রেনে কাটা পড়ে মৃত্যু
মুঠোফোনে কথা বলছিল। আর কথা বলতে বলতেই ট্রেনে কাটা পড়ে মারা গেল দীপু আহমদ (১৭) নামের এক তরুণ। আজ সোমবার সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিহালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দীপুর বাড়ি উপজেলার কাদিপুর ইউনিয়নের গুপ্তগ্রামে।
এলাকাবাসী ও কুলাউড়া রেলওয়ে থানার (জিআরপি) পুলিশ সূত্রে জানা গেছে, দীপু উপজেলা সদরের একটি ঝালাই কারখানায় কাজ করত। আজ সকাল ১০টার দিকে মুঠোফোনে কথা বলতে বলতে সে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিল। এ সময় ৩৩১ নম্বর রেলসেতুতে পৌঁছালে সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে সে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে বেলা ১১টার দিকে জিআরপি থানার পুলিশ লাশটি উদ্ধার করে।
কুলাউড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, দীপুর অভিভাবকের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া তার লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।