মুঠোফোনে মশগুল ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হিলির নওপাড়ায় গতকাল মঙ্গলবার সকালে মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় মারা গেছেন দুই বন্ধু রাজু আহম্মেদ (২৮) ও সাদ্দাম হোসেন (৩০)।
হিলি রেলওয়ের ৩৩৯ নম্বর মেইন পিলারের কাছাকাছি নওপাড়া নামক এলাকায় দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন হিলি জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র দাস।
রাজু বিরামপুর উপজেলার জিওর ইউনিয়নের বিজুল গ্রামের ইউনুস কবিরাজের ছেলে। একই গ্রামের ইউনুস আলীর ছেলে সাদ্দাম। তাঁরা পেশায় রাজমিস্ত্রি। প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি খোকন চন্দ্র বলেন, ওই দুই যুবক গতকাল সকালে রেললাইনের ওপর দিয়ে মুঠোফোনে কথা বলতে বলতে সাতুকুড়ি রেলগেট থেকে হাড়িপুকুর গ্রামের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি চলে এলেও তাঁরা মুঠোফোনে কথা বলার কারণে অন্যমনস্ক ছিলেন। দ্রুতগতির ট্রেনের ধাক্কায় তাঁরা মাথায় আঘাত পান ও রেললাইনের পাশে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাঁরা মারা যান।