চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রমে অংশ না নিতে ছাত্রশিবিরের পক্ষ থেকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।সূত্রের ভাষ্যমতে, শিক্ষার্থীদের মুঠোফোনে ফোন করে ও খুদে বার্তা পাঠিয়ে এ হুমকি দেওয়া হচ্ছে। আর এ জন্য বেছে নেওয়া হয়েছে প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের। এ কারণে অনেক শিক্ষার্থী ভয়ে ক্যাম্পাসে যাচ্ছেন না।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ-উদ-দৌল্লাহ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের মুঠোফোনের মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে বলে শুনেছি। মুঠোফোনের মাধ্যমে শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রমে অংশ না নিতে এবং ছাত্রশিবিরের ধর্মঘট সফল করার জন্য খুদে বার্তা পাঠানো হচ্ছে। আমার মুঠোফোনেও এ ধরনের খুদে বার্তা এসেছে।’উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি তুচ্ছ ঘটনার জের ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে ছাত্রশিবিরের দুই নেতা নিহত হন। এ ঘটনার পর ১৭ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। টানা ৩৮ দিন বন্ধ থাকার পর ১৮ মার্চ বিশ্ববিদ্যালয় খোলে। কিন্তু আগের দিন ছাত্রশিবির চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ে ছাত্রধর্মঘট আহ্বান করে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, ‘আমাদের ক্যাম্পাসে না যাওয়ার জন্য ছাত্রশিবিরের নামে বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে খুদে বার্তা পাঠানো হয়েছে। এ ছাড়া অনেককে ফোন করে ক্যাম্পাসে আসতে নিষেধ করে দেওয়া হয়েছে। এ সময় বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হয়।’ তাঁরা বলেন, ধর্মঘট উপেক্ষা করে যেসব শিক্ষার্থী ক্লাস করতে ক্যাম্পাসে যান, প্রায় প্রত্যেককে মুঠোফোনে হুমকি দেওয়া হচ্ছে।তবে মুঠোফোনে সাধারণ শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ মুহাম্মদ আশিকুল্লাহ। তিনি বলেন, ‘আমাদের কোনো নেতা-কর্মী এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়। যদি কারও বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া যায়, তবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত ও নিরাপদ রাখার জন্য পর্যাপ্ত নিরাপত্তা-ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্যাম্পাসের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টাকারী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’