মুঠোফোনে স্বাস্থ্যসেবা কার্যক্রমে সাফল্য নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রায় পাঁচ বছর আগে মুঠোফোনে জরুরি স্বাস্থ্যসেবা দেওয়ার সরকারি কার্যক্রম চালু হয়। তবে মানুষের কাছে তথ্য না পৌঁছানোয় রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রম সাফল্যের মুখ দেখেনি।
ওই সেবা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৯ সালের মে মাস থেকে সরকার সারা দেশের মতো তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুঠোফোনে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করে। জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ০১৭৩০৩২৪৭১৫ মুঠোফোনে যোগাযোগ করতে বলা হয়। নিয়ম আনুযায়ী, একজন মেডিকেল কর্মকর্তার রাত-দিন ২৪ ঘণ্টা ওই মুঠোফোনের মাধ্যমে লোকজনকে জরুরি সেবা ও পরামর্শ দেওয়ার কথা।
মুঠোফোন নম্বরটি জনগুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শন ও প্রচারের সরকারি নির্দেশনাও রয়েছে। জনপ্রতিনিধি, প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন মাধ্যমে জনগণকে নম্বরটি জানাতে বলা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ নম্বরটি প্রচার বা প্রদর্শনে উদ্যোগী না হওয়ায় ওই সেবা কার্যক্রম ফলপ্রসূ হয়নি।
হাসপাতাল এলাকার বাসিন্দা আ. জব্বার ও মোখলেছুর রহমান বলেন, ওই সেবা সম্পর্কে কেউ তাঁদের জানাননি। কাজীপাড়া আদর্শ মহিলা কারিগরি কলেজের অধ্যক্ষ আনিছুল হক বলেন, আসলে মানুষ ওই কার্যক্রম সম্পর্কে অবগত নয়। তাই জরুরি এ সেবা কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে।
কুর্শা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তুহিনুর রহমান বলেন, ‘ওই সেবা সম্পর্কে কোনো দিন শুনিনি। কেউ বলেওনি। আপনার কাছেই প্রথম শুনলাম।’
আলমপুর ইউপির চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, ‘আমিও হাসপাতালের জরুরি সেবার মোবাইল নম্বরটি জানি না। তাহলে সাধারণ মানুষ নম্বরটি কীভাবে জানবে? কীভাবে সেবা নেবে।’
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ইরফৎ আখতারী বলেন, এটা গ্রাম এলাকা। কেউ তেমন মুঠোফোনে চিকিৎসাসেবা নেন না। হয়তো অনেকে মুঠোফোন নম্বরটিও জানেন না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাজাহান বলেন, আগে বিভিন্ন মাধ্যমে মুঠোফোন নম্বরটি অনেককে জানানো হয়েছে। খুব শিগগির আবারও নম্বরটি জনগণকে জানানোর উদ্যাগ নেওয়া হবে।