মুঠোফোনে স্বাস্থ্যসেবার বিষয়টি জানে না বেশির ভাগ মানুষ
বগুড়ার শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মাত্র ১০০ গজ দূরে বাসা হালিমা বেগমের (৫০)। কিন্তু তিনি কোনো দিন শোনেননি বাড়ির পাশের হাসপাতালটিতে না গিয়েও মুঠোফোনে স্বাস্থ্যসেবা পাওয়া যেতে পারে। এ ব্যাপারে তাঁর কাছে জানতে চাইলে তিনি বিস্ময়ভরা চোখে তাকিয়ে বলেন, ‘বলেন কী! এ রকম সংবাদ তো জীবনেও শুনতে পাইনি।’হালিমা বেগমের মতো উপজেলার বেশির ভাগ মানুষ মুঠোফোনে জরুরি স্বাস্থ্যসেবার বিষয়টি জানে না। প্রচার-প্রচারণা না থাকায় জনগণ এ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তৃণমূল মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রায় তিন বছর আগে সারা দেশের মতো শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সেও এই কার্যক্রম চালু হয়।শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান বলেন, ‘ওই সেবা সম্পর্কে আমি কোনো দিন শুনিনি, কেউ বলেওনি। আমি সচেতন মানুষ হয়েও মুঠোফোন নম্বরটি জানি না। সেখানে সাধারণ মানুষ নম্বরটি কীভাবে জানবে? আর কীভাবেই বা সেবা নেবে?’সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি মুঠোফোন সেট দেওয়া হয়। নিয়ম অনুযায়ী একজন চিকিৎসা কর্মকর্তা রাত-দিন ২৪ ঘণ্টা ওই মুঠোফোনের মাধ্যমে জনগণকে জরুরি চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়ার কথা। ফোন নম্বরটি জনগুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শন ও প্রচারেরও সরকারি নির্দেশনা রয়েছে। জনপ্রতিনিধি, প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা মাধ্যমে জনগণকে নম্বরটি জানাতে বলা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নম্বরটি প্রচার বা প্রদর্শনে উদ্যোগী না হওয়ায় মুঠোফোনে স্বাস্থ্যসেবা কার্যক্রম কার্যকর হয়নি।সরেজমিনে অসংখ্য মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, এই সেবা সম্পর্কে সাধারণ মানুষের তেমন কোনো ধারণা নেই। উপজেলার ময়দানহাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাতেম আলী মণ্ডল বলেন, ‘মোবাইল সেট দিয়ে ফোন করে যে হাসপাতাল থেকে স্বাস্থ্যসেবা পাওয়া যায় সেটি আজকেই প্রথম শুনলাম।’ ছাতুয়া গ্রামের ব্যবসায়ী একরামুল হক (৪৫) জানান, মুঠোফোনে স্বাস্থ্যসেবা পাওয়ার এ তথ্যটি তাঁর কাছে বিস্ময়কর ঠেকছে। কেননা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েই যেখানে সেবা পাওয়া যায় না, সেখানে ফোনে সেবা পাওয়ার বিষয়টি তিনি চিন্তাও করতে পারছেন না।শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে মুঠোফোনটি দেওয়া হয়েছে, এর নম্বর ০১৭৩০৩২৪৬২৮। ওই নম্বরে দুই দিন ধরে একাধিকবার কল দিয়েও তা বন্ধ পাওয়া যায়। পরে খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন হলো ওই নম্বরটি বন্ধ। এ ব্যাপারে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবু সালেহ দ্বীন মোহাম্মদ জানান, প্রায় এক মাস আগে মুঠোফোনটি চুরি হয়। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পরে গ্রামীণফোনের স্থানীয় গ্রাহকসেবা কেন্দ্রে গিয়ে সিম তোলার চেষ্টা করা হয়েছে। কিন্তু করপোরেট সিম হওয়ায় ওই নম্বরে সিম তোলা সম্ভব হয়নি।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুছা আল মুনছুর জানান, সিম পাওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট জায়গায় লেখা হয়েছে। সিম পেলে তাঁরা মুঠোফোনে জনগণের জরুরি স্বাস্থ্যসেবা পাওয়ার বিষয়টির ব্যাপক প্রচারণার ব্যবস্থা করবেন।