মুঠোফোনের কলরেট পরিবর্তনের প্রস্তাব ফেরত
মুঠোফোনের কলরেট পরিবর্তনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রস্তাব ফেরত পাঠিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। কলরেট পুনর্নির্ধারণের বিষয়ে একটি প্রস্তাবনা তৈরি করে তা অনুমোদনের জন্য সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠায় বিটিআরসি।
বিটিআরসির প্রস্তাবে একই অপারেটরে (অন-নেট) নেটওয়ার্কে ফোন করার সর্বনিম্ন মূল্য ২৫ পয়সা থেকে বাড়িয়ে ৩৫ পয়সা করার প্রস্তাব করা হয়। অন্য অপারেটরে (অফ-নেট) ফোন করার সর্বনিম্ন মূল্য ৬০ পয়সা থেকে কমিয়ে ৪৫ পয়সা আর সর্বোচ্চ কলরেট ২ টাকা থেকে ১ টাকা ৫০ পয়সা নির্ধারণের প্রস্তাব দেয় বিটিআরসি। নতুন প্রস্তাবে গ্রাহকের ওপর সার্বিক প্রভাব কী হবে, বিষয়টি বিবেচনায় নিতে বিটিআরসিকে বলেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম গতকাল সোমবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, প্রস্তাবটি এসেছিল, তা পুনরায় বিশ্লেষণ করতে বিটিআরসিতে পাঠানো হয়েছে। বর্তমান সরকারের মূলনীতি হচ্ছে গ্রাহক পর্যায়ে যাতে কোনোভাবেই খরচ বৃদ্ধি না হয়।
২০১০ সালে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) একজন পরামর্শকের সুপারিশে সর্বোচ্চ ও সর্বনিম্ন কলরেট যথাক্রমে ২ টাকা এবং ২৫ পয়সা নির্ধারণ করেছিল বিটিআরসি। কলরেট পরিবর্তনে বিটিআরসির যুক্তি হলো, নতুন কাঠামো চালু হলে পিছিয়ে থাকা অপারেটরগুলো সুবিধা পাবে ও বাজার ভারসাম্য তৈরি হবে। তা ছাড়া সামগ্রিকভাবে এ খাতে আয় বাড়বে। বিটিআরসির পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে মুঠোফোনের ব্যবহারকারী প্রায় ১৩ কোটি।
মুঠোফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব টি আই এম নুরুল কবীর প্রথম আলোকে বলেন, মুঠোফোনের কলরেটের বিষয়ে অতীতে অপারেটরদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিটিআরসি যদি কলরেট পুনর্নির্ধারণ করতে চায়, তাহলে অপারেটরদের সঙ্গে পরামর্শ করেই তা করা উচিত।