মুঠোফোনের খুদে বার্তার মূল্যহার কমছে শিগগিরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনের কলের পর এবার খুদে বার্তার মূল্যহার কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এপ্রিল থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। জানা গেছে, শূন্য পয়সা থেকে ৫০ পয়সার মধ্যে নির্ধারিত হতে পারে খুদে বার্তার দাম।মুঠোফোনের অপারেটরদের কলরেট নিয়ে বিটিআরসি সর্বোচ্চ ও সর্বনিম্ন রেট নির্ধারণ করলেও এ পর্যন্ত খুদে বার্তার ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না কমিশনের। ২২ মার্চ কমিশনের বৈঠকে এ বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করা হবে। বিটিআরসির ভাইস চেয়ারম্যান হাসান মাহমুদ দেলওয়ার খুদে বার্তার দাম নির্ধারণের বিষয়টি পর্যালোচনা করছেন।বিটিআরসি সূত্র জানায়, কোনো নির্ধারিত মূল্য না থাকায় বিভিন্ন অপারেটর নিজেদের ইচ্ছেমতো খুদে বার্তার দাম নির্ধারণ করে। দুই বছর আগে কলরেট বা ফোন করার মূল্য মিনিটে ২৫ পয়সা থেকে সর্বোচ্চ দুই টাকা পর্যন্ত নির্ধারণ করে দেয় বিটিআরসি। এর পরই অপারেটরদের প্রতিযোগিতার কারণে কলরেট কমতে কমতে মোটামুটি সব অপারেটরে এখন মিনিটে এক টাকার নিচে নেমে এসেছে। কিন্তু খুদে বার্তার দাম অনেক ক্ষেত্রেই সর্বোচ্চ আড়াই টাকা রয়ে গেছে। আবার অনেক অপারেটর প্রচার বাড়াতে নিজেদের মধ্যে বিনা পয়সায় খুদে বার্তা পাঠানোর সুযোগ দিয়ে থাকে। আর খুদে বার্তার প্রক্রিয়াগত খরচ একেবারেই কম হওয়ায় এ সুযোগ দেওয়া যায়। বিটিআরসি থেকে জানা গেছে, কলরেটের মতো খুদে বার্তার ক্ষেত্রেও ‘অফ নেট’ ও ‘অন নেট’ ভাগ করা হবে। দুই ভাগের জন্য দুটি ভিন্ন দাম নির্ধারণ করা হবে। এ দাম শূন্য পয়সা থেকে ৫০ পয়সার মধ্যে নির্ধারিত হতে পারে।