মুঠোফোনের গ্রাহক সাড়ে ছয় কোটির বেশি
দেশে মুঠোফোনের গ্রাহক এখন ছয় কোটি ৬৬ লাখ ২১ হাজার। এই হিসাবে দেশের প্রায় এক-তৃতীয়াংশ লোকের হাতে মুঠোফোনের সেবা পৌঁছে গেছে।তবে মুঠোফোন অপারেটরদের দাবি, শুধু সংযোগ কর (সিম ট্যাক্স) না থাকলেই গ্রাহক আরও অনেক বেড়ে যেত। অপারেটরগুলোর পৃথক তথ্য হিসাবে, গত নভেম্বর মাসে টেলিটক বাদে বাকি পাঁচটি অপারেটর প্রায় ১০ লাখ নতুন গ্রাহক যোগ করেছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্যও প্রায় এক। বিটিআরসির হিসাবে গত অক্টোবর মাসে মোট মুঠোফোনের গ্রাহক ছিলেন ছয় কোটি ৫৫ লাখ ৬৩ হাজার।বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ বলেন, অপারেটরদের পক্ষ থেকে প্রাপ্ত তথ্য ও মনিটরিং সেলের তথ্য মিলিয়ে ওয়েবসাইটে ‘মোট গ্রাহকসংখ্যা’ প্রকাশ করা হয়। কোনো মুঠোফোনের সংযোগ টানা তিন মাস বন্ধ থাকলে তা বন্ধ করে দেওয়া হয়।গ্রামীণফোন জানায়, নভেম্বর মাসে তাদের গ্রাহক বেড়েছে তিন লাখ ৫৬ হাজার। সব মিলিয়ে তাদের গ্রাহক দাঁড়িয়েছে দুই কোটি ৮৮ লাখ ৪৩ হাজার। অন্যদিকে দ্বিতীয় সেরা অপারেটর বাংলালিংকের বর্তমান গ্রাহকসংখ্যাএক কোটি ৮৮ লাখ ৪৩ হাজার, রবির এক কোটি ২০ লাখ ৫৯ হাজার, এয়ারটেলের ৩৭ লাখ ৯৭ হাজার ও সিটিসেলের ১৮ লাখ ৭৩ হাজার।তবে এই সময়ে দেশীয় মুঠোফোন টেলিটকের গ্রাহক কমেছে ২০ হাজার। অক্টোবর মাসের শেষে ১২ লাখ ২৪ হাজার গ্রাহকে পৌঁছে যাওয়া টেলিটকের গ্রাহক এখন ১২ লাখ চার হাজারে।মুঠোফোন অপারেটরদের সংগঠন অ্যামটবের সভাপতি জাকিউল ইসলাম বলেন, ‘মুঠোফোন অপারেটর এবং বাংলাদেশের জন্য এটি অবশ্যই বড় অর্জন। তবে পুরো কৃতিত্ব অপারেটরদের। কারণ আইনগত নানা চ্যালেঞ্জ এবং হাজার কোটি টাকার করের বোঝা নিয়েও অপারেটররা দেশের টেলিযোগাযোগ খাতকে একযোগে এগিয়ে নিচ্ছে।’ গ্রামীণফোনের রেগুলেটরি অ্যাফেয়ার্সের প্রধান মাহমুদ হোসেইন জানান, টেলিঘনত্বের হিসাব সব সময় সঠিক হয় না। কারণ দেশের অসংখ্য লোক একাধিক সিম ব্যবহার করেন। এ ক্ষেত্রে ৩২-৩৬ শতাংশ লোকের হাতে মুঠোফোন রয়েছে।উল্লেখ্য, গত বছর নভেম্বরে মুঠোফোনের গ্রাহক সাড়ে পাঁচ কোটি হয়। আর ২০০৮ সালের নভেম্বরে চার কোটি ৩৯ লাখ এবং ২০০৭ সালের নভেম্বরে তিন কোটি ৩১ লাখ গ্রাহক পার হয়।