মুঠোফোনের জন্য কিশোরীর শরীরে আগুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি মুঠোফোন চুরির অভিযোগ তুলে সোনিয়া আক্তার (১৪) নামে এক কিশোরীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এতে ওই কিশোরীর হাত, নাক, মুখসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। গত বৃহস্পতিবার রাঙামাটি পৌর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিন নারীকে গত শুক্রবার গ্রেপ্তার করেছে।গতকাল সোমবার রাঙামাটি সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের একটি শয্যায় চিকিত্সাধীন সোনিয়ার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। এ সময় হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা নূপুর কান্তি দাশ দগ্ধ স্থানগুলো দেখার সময় সোনিয়া যন্ত্রণায় ছটফট করতে থাকে।রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা নূপুর কান্তি দাশ বলেন, ‘সোনিয়ার শরীর যেভাবে পুড়ে গেছে, তা এখানে চিকিত্সা করা সম্ভব নয়। তাই উন্নত চিকিত্সার জন্য সোনিয়াকে আমরা ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলেছি।’সোনিয়ার মা আমেনা খাতুন ও বোন শাহানাজ আক্তার জানান, সোনিয়ার বাবা মো. চান মিয়া পান-সিগারেট বিক্রি করে সংসার চালান। তাঁদের পক্ষে সোনিয়ার চিকিত্সা করানো সম্ভব নয়।কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. নাসিরউদ্দিন জানান, সোনিয়ার শরীরে আগুন দেওয়ার অভিযোগে নারী বৈদ্য শাহনাজ বেগম এবং তাঁর দুই সহযোগী নূর বেগম ও পারভীনকে গ্রেপ্তার করা হয়েছে। মুঠোফোনের মালিক মো. বেলাল পলাতক রয়েছেন। এ ঘটনায় সোনিয়ার বাবা চান মিয়া শুক্রবার কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৫ সেপ্টেম্বর সোনিয়া নতুন বাসস্ট্যান্ড এলাকার শান্তিনগরে বোনের বাসায় বেড়াতে যায়। ওই দিন সন্ধ্যায় ওই বাসা থেকে তার ভগ্নিপতির বন্ধু মো. বেলালের মুঠোফোন হারিয়ে যায়। এ ব্যাপারে বেলাল সোনিয়াকে সন্দেহ করেন।সোনিয়ার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বৃহস্পতিবার সকালে মো. বেলাল সোনিয়াকে তার বাবা, মা, ভগ্নিপতিসহ স্থানীয় পৌরসভা এলাকার নারী বৈদ্য শাহনাজ বেগমের কাছে নিয়ে যান। শাহনাজ বেগম ও তাঁর তিন সহযোগী মুঠোফোন চুরির ব্যাপারে জিজ্ঞাসাবাদের নামে একটি কক্ষে নিয়ে হাত বেঁধে সোনিয়ার শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। এ সময় চিত্কার শুনে পাশের কক্ষ থেকে দৌড়ে গিয়ে ভগ্নিপতি মো. আবদুল সোনিয়ার শরীরে পানি ঢেলে দেন। পরে সেখান থেকে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়।মহিলা পরিষদ রাঙামাটি জেলা শাখার কর্মকর্তারা গতকাল সোমবার সোনিয়াকে দেখতে সদর হাসপাতালে যান। তাঁরা তাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় পাঠিয়েছেন।