মুঠোফোনের জন্য শিশুকে হত্যা!
মানিকগঞ্জ পৌর এলাকার চর বেউথা গ্রামে গত সোমবার একটি মুঠোফোন সেটের জন্য সাইফুল ইসলাম নামের চার বছরের এক শিশুকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সাইফুল একটি মুঠোফোন সেট নিয়ে বাড়ির পাশে খেলছিল। এর ঘণ্টা খানেক পর শিশুটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে এলাকাবাসী সোহেল রানাকে (২০) ধরে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, মুঠোফোন সেটটির লোভে তিনি সাইফুলকে গলা টিপে গ্রামের পাশে কালীগঙ্গা নদীর পাশে একটি খেতে পুঁতে রেখেছেন। বেলা তিনটার দিকে সাইফুলকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা সাতটার দিকে শিশুটি মারা যায়। সাইফুল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার এসআই হামিদ উদ্দিন জানান, গতকাল মঙ্গলবার মানিকগঞ্জের বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে সোহেল হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।