মুঠোফোনের জন্য শিশুকে হত্যা!
মানিকগঞ্জ পৌর এলাকার চর বেউথা গ্রামে গত সোমবার একটি মুঠোফোন সেটের জন্য সাইফুল ইসলাম নামের চার বছরের এক শিশুকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সোহেল রানা (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে চর বেউথা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সাইফুল একটি চায়না ‘স্প্রিন্ট’ মুঠোফোন সেট নিয়ে বাড়ির পাশে খেলা করছিল। এর ঘণ্টা খানেক পর শিশুটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।একপর্যায়ে সাইফুলের বাবাকে কয়েকজন জানান, সাইফুল খেলা করার সময় সোহেলও সেখানে ছিলেন। পরে এলাকাবাসী সোহেলকে ধরে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, মুঠোফোন সেটটির লোভে তিনি সাইফুলকে গলা টিপে গ্রামের পাশে কালীগঙ্গা নদীর পাশে একটি খেতে পুঁতে রেখেছেন। বেলা তিনটার দিকে সেখানে গিয়ে সাইফুলকে মাটির নিচে অর্ধেক পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা সাতটার দিকে শিশুটি মারা যায়। এলাকাবাসী সোহেলকে পুলিশের হাতে সোপর্দ করেন।এ ঘটনায় সাইফুলের বাবা রাতেই বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) হামিদ উদ্দিন জানান, গতকাল মঙ্গলবার মানিকগঞ্জের বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে সোহেল সেখানে এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। পরে আদালত তাঁকে জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন।